১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জেদ্দায় বাংলাদেশ-সৌদি চেম্বারের বৈঠক, বিনিয়োগ-বাণিজ্যে জোর

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ ও চেম্বারগুলোর সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

জেদ্দায় বাংলাদেশ-সৌদি চেম্বারের বৈঠক, বিনিয়োগ-বাণিজ্যে জোর
চেম্বারের প্রতিনিধিদের সঙ্গে কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির (বাম থেকে তৃতীয়)।

বিডিনিউজ২৪

রফিক চৌধুরী, জেদ্দা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2025, 12:43 AM

Updated : 26 Aug 2026, 12:46 PM

সৌদি আরবের জেদ্দায় এক বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোর বিষয়টি আলোচনায় উঠে এসেছে।

বৃহস্পতিবার জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবে বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির।

এতে চেম্বারের ভাইস চেয়ারম্যান রাঈদ ইব্রাহিম আল-মুদাইহিম, ভাইস চেয়ারম্যান ঈমাদ মোহাম্মাদ আল-আবৌদ এবং অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পক্ষ থেকে অংশ নেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা।

বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ উদ্যোগ এবং চেম্বারগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আলোচনা হয়।

কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির সৌদি বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদার কথা তুলে ধরে বলেন, “বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে সুদৃঢ় অবস্থানে রয়েছে। চামড়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, হিমায়িত মাছ, কৃষি-প্রক্রিয়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, পাটজাত পণ্য, চা ও হালাল মাংসসহ বৈচিত্র্যময় পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ পণ্য বহুমুখীকরণে এগিয়ে যাচ্ছে।”

তিনি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং উভয় দেশের চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন। জেদ্দা চেম্বারের পক্ষ থেকেও বাংলাদেশি বাণিজ্যিক প্রতিনিধিদের সৌদি সফরের আমন্ত্রণ জানানো হয় এবং সেক্টরভিত্তিক ব্যবসায়িক সংযোগ ও বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সভা আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়।

বৈঠকে উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে সৌদি আরবের ভিশন ২০৩০ ও ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে বাংলাদেশের অবদান ও সম্ভাবনা তুলে ধরা হয়। তুলে ধরা হয় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত (আইসিটি), অভ্যন্তরীণ বাজার এবং প্রশিক্ষিত তরুণ জনশক্তির কথা।

রেড সি গেটওয়ে টার্মিনাল, সৌদি-বাংলাদেশ শিল্প ও কৃষি বিনিয়োগ কোম্পানি লিমিটেড-সহ (এসএবিআইএনসিও) নবায়নযোগ্য জ্বালানিখাতে নতুন বিনিয়োগের আহ্বান জানায় বাংলাদেশ।

দেশের বিনিয়োগবান্ধব নীতিমালার প্রসঙ্গ তুলে কনসাল জেনারেল বলেন, “অর্থনৈতিক অঞ্চলগুলোতে সৌদি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।”