১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নামাজ শেষে ঘরে ফেরা হলো না প্রবাসী ইব্রাহীমের

৩০ বছরেরও বেশি সময় ধরে বাহরাইনে বসবাস করছিলেন তিনি।

নামাজ শেষে ঘরে ফেরা হলো না প্রবাসী ইব্রাহীমের
ইব্রাহীম আহমেদ (৫৭), ছবিটি বাহরাইন সরকারের দেওয়া তার পরিচয়পত্র থেকে নেওয়া।

বিডিনিউজ২৪

সুকান্ত দেব, বাহরাইন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 01:48 AM

Updated : 26 Aug 2026, 03:40 PM

বাহরাইনে ফজরের নামাজ শেষে ঘরে ফেরার পথে গাড়ির ধাক্কায় একজন প্রবাসী নিহত হয়েছেন। 

ইব্রাহীম আহমেদ (৫৭) নামে এ বাংলাদেশির বাড়ি সিলেটের কোতোয়ালি থানার শিবের বাজার রায়ের গ্রামে। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে বাহরাইনে বসবাস করছিলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দেশটির বুদাইয়া এলাকার আল সত্তার মার্কেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. মাহফুজ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাতিজা, আরেক প্রবাসী মো. রনি জানান, প্রতিদিনের মতো ওইদিন ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরতে রাস্তা পার হচ্ছিলেন ইব্রাহীম। এসময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহত ইব্রাহীম দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির (এলএমআরএ) অধীনে ফ্লেক্সি ভিসায় কর্মরত ছিলেন। বাহরাইনে ‘ফ্লেক্সি ভিসা’ হলো একটি বিশেষায়িত কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট, এর মাধ্যমে একজন প্রবাসী কোনো নির্দিষ্ট নিয়োগকর্তা (কফিল) বা কোম্পানির অধীনে না থেকে নিজেই নিজের স্পন্সর হয়ে বৈধভাবে কাজ করার সুযোগ পান।

শ্রম কাউন্সেলর মো. মাহফুজ রহমান জানান, নিহতের লাশ বর্তমানে সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। 

দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।