১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইতালিতে ‘জিহাদি উসকানির’ অভিযোগে দুই বাংলাদেশি যুবক আটক

আটককৃতদের গৃহবন্দী রাখা হয়েছে এবং তাদের হাতে জিপিএস ট্র্যাকার পরানো হয়েছে।

ইতালিতে ‘জিহাদি উসকানির’ অভিযোগে দুই বাংলাদেশি যুবক আটক
ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনির ফেইসবুক পোস্ট।

বিডিনিউজ২৪

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 01:51 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘জিহাদ বিষয়ক উসকানিমূলক ভিডিও প্রকাশের’ অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ।

আদালতের নির্দেশে আটক দুই যুবকের পূর্ণ পরিচয় প্রকাশ না করা হলেও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তারা হিমেল আহমেদ (২১) ও মুন্না তফাদার (১৮) নামে পরিচিত।

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমো থেকে তাদের আটক করার সংবাদটি শনিবার সকালে নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি।

নিজের ভেরিফায়েড ফেইসবুক পোস্টে তিনি বলেন, “কোনো সন্ত্রাসীর এই দেশে থাকার অধিকার নেই। যত দ্রুত সম্ভব আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

ইতালীয় টেলিভিশন চ্যানেল স্কাই টিজি টোয়েন্টিফোর তাদের অনলাইন প্রতিবেদনে জানায়, পালেরমো প্রসিকিউটর অফিসের প্রধান মাউরিজ্জিয়ো দি লুসিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

তদন্ত কর্মকর্তাদের দাবি, গত মার্চ ও এপ্রিল মাসে আটক দুই যুবকের টিকটক অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে ধর্মীয় উগ্রবাদমূলক, জিহাদ-সম্পৃক্ত এবং পশ্চিমা দেশবিরোধী ভিডিও প্রচার করা হচ্ছিল। তাদের কনটেন্টে গাজা পরিস্থিতি নিয়ে বহু পোস্ট ছিল, যেখানে তারা জিহাদি মতাদর্শকে প্রশ্রয় দিচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

আরও জানা গেছে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রমে মানুষকে আঘাত করার উপায় নিয়েও গবেষণা করছিল। এমনকি তাদের একাধিক সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ওসামা বিন লাদেনের ছবি ও প্রচারণামূলক কনটেন্ট পাওয়া গেছে।

বর্তমানে আদালতের নির্দেশে আটককৃতদের গৃহবন্দী রাখা হয়েছে এবং তাদের হাতে ইলেকট্রনিক জিপিএস ট্র্যাকার পরানো হয়েছে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে পালেরমো পুলিশ বিভাগ।