Published : 03 Sep 2026, 10:59 AM
আসছে ৪ থেকে ৬ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে যুক্তরাষ্ট্র ও কানাডার চার শহরে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’র (ফোবানা) ৩৯ বছর পূর্তি ও চার দশক পদার্পণের সম্মেলন।
সংগঠনটির অভ্যন্তরীণ নেতৃত্ব কোন্দল ও বিভাজনের জেরে এবার নিউ ইয়র্ক, ফ্লোরিডার অরল্যান্ডো, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এবং কানাডার টরেন্টোতে পৃথক চারটি সম্মেলন আয়োজিত হচ্ছে।
তিন দশকের বেশি সময় আগে উত্তর আমেরিকায় বাঙালি সংস্কৃতি চর্চা, নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্যে উদ্বুদ্ধ করা এবং প্রবাসীদের স্বার্থসংরক্ষণের লক্ষ্য নিয়ে ফোবানা প্রতিষ্ঠিত হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে নেতৃত্বের কোন্দল, ব্যক্তিগত প্রভাব বিস্তার ও মূলধারার সামাজিক-রাজনৈতিক ইস্যুর পরিবর্তে তারকা নির্ভর সাংস্কৃতিক আয়োজনের অভিযোগ তুলেছেন প্রবাসীদের একাংশ।
এবারের নিউ ইয়র্কের এস্টোরিয়ায় ইভাঞ্চল ক্রিস্টিয়ান চার্চ মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী ফোবানা সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে। ‘এনআরবি অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘চেতনায় ৭১ হৃদয়ে বাংলাদেশ’।
জাকারিয়া চৌধুরী (চেয়ারম্যান), দেওয়ান মনিরুজ্জামান (নির্বাহী সচিব), নূরুল আমিন বাবু (কনভেনর) ও মঞ্জুর কাদেরের (সদস্য-সচিব) নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় কমিটি সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত রেখেছে। আয়োজনে স্থান পাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, অভিবাসন বিষয়ক সেমিনার, নারী ক্ষমতায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘উত্তরণের পথে আগামীর প্রত্যয়ে প্রবাস বাংলাদেশ’ স্লোগান নিয়ে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিল্টন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে অপর একটি সম্মেলন। ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে এতে ৫৪টি নিবন্ধিত সংগঠনের অংশগ্রহণ ও ২২টির পরিবেশনার কথা রয়েছে।
এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন কালি প্রদীপ চৌধুরী। জয়নুল আবেদিন (কনভেনর), রবিউল করিম বেলাল (চেয়ারপারসন) ও খালেদ রউফের (নির্বাহী সচিব) পরিচালনায় এতে অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও লস অ্যাঞ্জেলেস সিটির মেয়রের উপস্থিত থাকার কথা রয়েছে।
ফ্লোরিডার কিসিমি এলাকার হলিডে ইন রিসোর্টে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সেন্ট্রাল ফ্লোরিডা’র উদ্যোগে আয়োজিত হচ্ছে আরেকটি সম্মেলন। জাহিদ হাসান, আনোয়ার হোসেন সেন্টু ও রহিম র্যানিহালের নেতৃত্বে পরিচালিত এ সম্মেলনে সামাজিক-সমসাময়িক বিষয়ের পাশাপাশি চলচ্চিত্র ও সংগীতের তারকাদের উপস্থিতিতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
এদিকে কানাডার টরেন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড সুইটসে চার নম্বর সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, আবু যুবায়ের দারা ও ফিরোজ আহমেদের নেতৃত্বে আয়োজিত এ সম্মেলনে প্রবাসীদের অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। এতে জাদুশিল্পী জুয়েল আইচ ও অভিনেত্রী ববিতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাহিদা সোবহানেরও এতে অংশ নেওয়ার কথা রয়েছে।