Published : 09 Jun 2026, 05:06 PM
মালয়েশিয়ার হেরিটেজ শহর মালাক্কায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন।
রোববার সকালে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে এবং মালয়েশিয়া সরকারের সামাজিক সুরক্ষা সংস্থা ‘পারকেসো’র সহযোগিতায় মালাক্কা পারকেসো রিহ্যাবিলিটেশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালাক্কা রাজ্যের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সার্ভিস সেক্টরে কর্মরত বাংলাদেশি কর্মী, নিয়োগকর্তা, পেশাজীবী এবং বাংলাদেশি কমিউনিটির নেতারা অংশ নেন।

প্রধান অতিথি ছিলেন হাই কমিশনার মো. মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পারকেসোর বিদেশি শ্রমিক বিভাগের প্রধান হারিরি হারুন এবং উপ-পরিচালক শিভানান্দা রাজাহ সাতগুনাম।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রবাসী কর্মীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের আলোচনা। পারকেসোর পক্ষ থেকে বিদেশি কর্মীদের জন্য পরিচালিত সুরক্ষা ও কল্যাণমূলক বিমা স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
এসময় পারকেসোর প্রতিনিধিরা উপস্থিত কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিমার গুরুত্ব ব্যাখ্যা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসী শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন।