১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেন কানাডার আন্তর্জাতিক পাঠমঞ্চে বাংলাদেশের ইমরান

তিনি তার নির্বাচিত প্রবন্ধ ‘লিভিং বাই রাইটিং দ্য ট্রুথ’ থেকে পড়ে শোনাবেন।

পেন কানাডার আন্তর্জাতিক পাঠমঞ্চে বাংলাদেশের ইমরান
বাঁ দিক থেকে আতেফে খাদেমোলরেজা, ওন্দের দেলিগোজ, আবদুল্লাহ আল ইমরান ও আন্দেরসন বসকান, ছবি: পেন কানাডা।

বিডিনিউজ২৪

কানাডা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 01:02 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

কানাডার সাহিত্যসংস্থা ‘পেন কানাডার’ আন্তর্জাতিক পাঠ কার্যক্রম ‘ভয়েসেস অব ফ্রিডম’-এ এবার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক ও লেখক আবদুল্লাহ আল ইমরান। 

আসছে ১২ নভেম্বর সন্ধ্যায় টরন্টোর রেফারেন্স লাইব্রেরির বিটন হলে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি নিজের লেখা পাঠ করবেন।

ইমরান বাংলাদেশের বেশকিছু গণমাধ্যমে কাজ করেছেন। পরে তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইনভেস্টিগেটিভ জার্নালিজম ব্যুরোতে ইন্টার্নশিপ সম্পন্ন করে যোগ দেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেট’-এ।

পেন কানাডার তথ্য অনুযায়ী, ইমরান প্রথমে বাংলায় তার লেখা পাঠ শুরু করবেন। তারপর তার নির্বাচিত প্রবন্ধ ‘লিভিং বাই রাইটিং দ্য ট্রুথ’ থেকে পড়ে শোনাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইমরান বলেন, “খুলনার শ্রমিক এলাকার নদীপাড়ে বেড়ে উঠা থেকে ঢাকায় পড়াশোনা ও চাকরি, জীবনের বাঁকে বাঁকে নানা অভিজ্ঞতা হয়েছে আমার। সুযোগ হয়েছে প্রান্তিক মানুষের সঙ্গে মেশারও, যাদের জীবনজুড়ে অসংখ্য গল্প। আমি সেসবই লিখি- মানুষের গল্প, মানুষের ইতিহাস। এই নির্বাচনের মাধ্যমে সেই গল্পগুলো আরও দূরে পৌঁছানোর সুযোগ এলো, এটিই আমার বড় প্রাপ্তি।”

এবছর ইমরানের পাশাপাশি নির্বাচিত হয়েছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা ও লেখক আতেফে খাদেমোলরেজা, তুরস্কের ঔপন্যাসিক ও সম্পাদক ওন্দের দেলিগোজ এবং ইকুয়েডরের সাংবাদিক ও গণমাধ্যম উদ্যোক্তা আন্দেরসন বসকান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মেক্সিকান সাংবাদিক লুইস হোরাসিও নাজেরা।

পেন কানাডার ‘রাইটার্স ইন এক্সাইল’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয়ে আসছে ‘ভয়েসেস অব ফ্রিডম’। দশম বছরে পা দেওয়া এ সাহিত্যমঞ্চে সেন্সরশিপ, নির্বাসন বা নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে কাজ করা লেখকদের নির্বাচন করা হয়। তাদের লেখায় সাহস, সৃজনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতিফলনই মূল বিষয়।

আয়োজকরা জানান, এবছর এশিয়া, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকা থেকে আসা লেখকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও বৈচিত্র্যময় হতে যাচ্ছে। বিস্তারিত তথ্য ও আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে পেন কানাডার ওয়েবসাইটে।