Published : 17 Dec 2025, 10:08 AM
লন্ডনের টাওয়ার হ্যামলেটসের পার্শ্ববর্তী বারা নিউহ্যামে প্রথমবারের মত একজন বাঙালি নির্বাহী মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বারার আসন্ন মেয়র নিবার্চনে লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি ফরহাদ হোসেন।
নিউহ্যামের বর্তমান লেবার দলীয় নির্বাহী মেয়র রুখসানা ফাইয়াজ ৮ বছর দায়িত্ব পালন করে পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং তিনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না।
আগামী বছরের ৭মে লন্ডনের ৩২টি বারায় নিবার্চন হবে। এরমধ্যে চারটি কাউন্সিলে জনসাধারণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন নিবার্হী মেয়র। এগুলো হল টাওয়ার হ্যামলেটস, হ্যাকনি, লুইশাম ও নিউহ্যাম। প্রতি চার বছর পর পর এ নির্বাচন হয়।
লেবার পার্টির প্রার্থী ফরহাদ হোসেন নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাজ্যে দ্বিতীয় ব্রিটিশ বাংলাদেশি নির্বাহী মেয়র এবং নিউহ্যাম বারায় প্রথম।
যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি ও প্রথম মুসলমান মেয়র হলেন টাওয়ার হ্যামলেটসের ইনডিপেনডেন্ট মেয়র লুৎফুর রহমান।
নিউহ্যাম লন্ডনের এমন একটি বারা যেখানে ব্রিটেনের সবচেয়ে বেশি সংখ্যালঘু নানা কমিউনিটির লোকজন বাস করে। ১৯৬৪ সালে নিউহ্যাম কাউন্সিল গঠনের পর বেশিরভাগ নির্বাচনে জয়ী হয়ে এ কাউন্সিল পরিচালনার দায়িত্ব পালন করেছেন লেবার পার্টির প্রার্থীরা।
বর্তমানে মোট ৬৬ জন কাউন্সিলর রয়েছেন নিউহ্যাম বারায়, তাদের মধ্যে কয়েকজন বাঙালিও আছেন। প্রায় ১৫ হাজার ব্রিটিশ বাংলাদেশি ভোটার রয়েছেন নিউহ্যামে। এছাড়া, পাকিস্তানি, ভারতীয়, শ্রীলঙ্কান, সোমালী কমিউনিটির বিপুল সংখ্যক ভোটার রয়েছেন।
নিউহ্যামের বাসিন্দা ফরহাদ হোসেন প্রায় আট বছর কাউন্সিলর হিসাবে এবং কেবিনেট মেম্বার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করেন এবং নিউভিক কলেজে এ লেভেল করার পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন। এনএইচএস, এডুকেশন, লোকাল অথরিটি ও বিভিন্ন চ্যারিটিতে কাজ করেছেন তিনি।
গত সোমবার ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন ফরহাদ হোসেন।
তিনি বলেন, "আমার প্রতিপক্ষরা যেখানে বিভাজন, নেতিবাচকতা ও বিশৃংখলার রাজনীতি অনুসরণ করছেন, এমনকি সমস্যা হলে তা উদযাপন করছেন, আমি সেখানে সম্পূর্ণ ভিন্ন কিছুর ওপর মনোযোগ দিচ্ছি। নির্বাচিত হলে আমি নিউহ্যামের সবার জন্য মেয়র হব।
“আমি এমন একটি কর্মসূচি দিচ্ছি যা আশাবাদী, বাস্তবসম্মত এবং এখানকার বাসিন্দাদের দৈনন্দিন উদ্বেগের সঙ্গে গভীরভাবে যুক্ত। আমি বর্তমান সমস্যাগুলোর সমাধান করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করব।"
ফরহাদ হোসেন তার পরিকল্পনায় স্থানীয় রাস্তাঘাট পরিষ্কার করা, ন্যায্য আইন প্রয়োগ, কার্যকর পার্কিং ব্যবস্থাপনা এবং আর্থিক স্তিতিশীলতার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।
বর্তমানে লন্ডনের বৃহৎ টানেল প্রকল্প লোয়ার টেমস ক্রসিংয়ে প্রিন্সিপাল কনসালট্যান্ট হিসাবে কাজ করছেন ফরহাদ হোসেন। অবসর সময়ে তিনি ইসিবি লেভেল টু কোচ হিসাবে তৃণমূল ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে লন্ডনের আরও বেশ কয়েকটি কাউন্সিলের শীর্ষস্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর পারভেজ আহমদ, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর জামাল উদ্দিন আহমদ, ওয়েস্টমিনস্টার কাউন্সিলের কাউন্সিলর আব্দুল আজিজ তকি, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর সৈয়দ আবুল বাসার ও খলিল কাজী এবং ম্যানচেস্টার কাউন্সিলের সাবেক ডেপুটি লিডার লুৎফুর রহমান।
তারা সবাই নিউহ্যামের বাসিন্দাদের প্রতি লেবার পার্টির মেয়র প্রার্থী ফরহাদ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।