Published : 11 May 2026, 01:12 PM
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সমিতি ইউএই’ কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
শনিবার আবুধাবির নোভেল হোটেল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির তালুকদারের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন।
প্রধান অতিথি ছিলেন আমিরাত সরকারের ডিপার্টমেন্ট অব কমিউনিটি ডেভেলপমেন্টের প্রতিনিধি জামিল আল হামলাওয়ি এবং আবদুল্লাহ আহমেদ।
সভার শুরুতে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার। এরপর হিসাবপরীক্ষা প্রতিবেদন পেশ করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজম খান।
অনুষ্ঠানে আমিরাত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ সমিতির কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রবাসীদের যেকোনো প্রয়োজনে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
সেইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইনকানুন বিষয়ে আরও সচেতন করতে সমিতিকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রবাসীদের স্বার্থরক্ষা এবং সমিতির কার্যক্রমকে আরও বেগবান করতে ভবিষ্যতে আরও গতিশীল ও দক্ষ নেতৃত্ব উপহার দেওয়া হবে।”
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শওকত আকবর, নূর মোহাম্মদ, ইসমাইল হোসেন তালুকদার, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, মফিজুল ইসলাম, নূর হোসেন সুমন এবং জাকির হোসেন জসীম।