০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা

স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক পোস্ট শেয়ার ও প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা
কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন।

বিডিনিউজ২৪

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 12:29 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন। 

শনিবার হাই কমিশনের অফিশিয়াল ফেইসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের জন্য এ নির্দেশনা জারি করা হয়। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শের আলোকে হাই কমিশন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, বিধিনিষেধ এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার অনুরোধ জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়ে বলা হয়, চাকরি বা নিয়োগকর্তা সংক্রান্ত কোনো তথ্য, ছবি ও ভিডিও প্রকাশের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করা আবশ্যক। এছাড়া অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি স্ক্যাম ও ফিশিং থেকে সাবধান থাকতে বলা হয়েছে। 

সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা, যেকোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার ওপর জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য একাধিক বর্জনীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করা এবং গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকা। 

একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার ও প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মসংস্থানকারী দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার কথা বলা হয়েছে। 

নিরাপত্তা ও গোপনীয়তার খাতিরে কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করা এবং ব্যক্তিগত সুরক্ষার স্বার্থে নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। 

এছাড়া ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়া এবং ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষে, কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন কিংবা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।