Published : 08 May 2026, 10:38 PM
নিউ জিল্যান্ডের ক্যান্টারবেরি অঞ্চলে ক্রাইস্টচার্চে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার ক্রাইস্টচার্চ শহরের ওয়াইমারি রোড কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে ‘বাংলাদেশ কালচারাল সোসাইটি ক্যান্টারবেরি’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবমুখর এই আয়োজনে ছিল শিশুদের পরিবেশনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সান্ধ্য ভোজ।
বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক ও সর্বজনীন চেতনাকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে এই অনুষ্ঠানটি প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। বর্ষবরণ উপলক্ষ্যে অনুষ্ঠানস্থল রঙিন কাগজ, ব্যানার এবং শিশুদের আঁকা আলপনা ও ছবি দিয়ে সুসজ্জিত করা হয়।
এস. এম. আকরামুল কবির ও মৌসুমী আক্তারের সঞ্চালনায় শুরুতে উপস্থিত অতিথি ও দর্শকদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানের সূচনা হয় সম্মিলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত এবং শিশুশিল্পীদের কণ্ঠে নিউ জিল্যান্ডের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
বাংলা নববর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাঙালির জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ কালচারাল সোসাইটি ক্যান্টারবেরির সাংস্কৃতিক প্রতিনিধি আসিবুর রহমান।
সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিশু-কিশোরদের গান, নাচ ও কবিতা আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। ঐতিহ্যবাহী পোশাক ও দেশীয় বাদ্যযন্ত্রের মূর্ছনায় হলজুড়ে এক টুকরো বাংলাদেশ ফুটে ওঠে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন এস. এম. আকরামুল কবির, মো. হেলাল উদ্দিন, জুয়েল আইচ, কণকচাঁপা কায়স্থগীর, মুনতাহা কারিনা ও আসিবুর রহমান।
আয়োজকরা জানান, প্রবাসের ব্যস্ত জীবন ও ভিন্ন সংস্কৃতির মাঝেও নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও নিজস্ব ঐতিহ্যকে পরিচিত করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।