Published : 03 Jun 2026, 06:39 PM
বাংলাদেশের আম এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় বাজার মালয়েশিয়ায় রপ্তানির পথ সুগম হচ্ছে। রপ্তানি প্রক্রিয়া চূড়ান্ত করতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ার একটি কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে।
মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলটি বাংলাদেশের আমের বাগান, প্যাকিং ব্যবস্থা এবং সংরক্ষণ সুবিধাসহ সামগ্রিক রপ্তানি প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবেন।
রপ্তানিপণ্য বহুমুখী করার অংশ হিসেবে ২০২৩ সাল থেকে মালয়েশিয়ায় আম রপ্তানির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ হাই কমিশন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে মালয়েশিয়ার কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও ‘পেস্ট রিস্ক অ্যানালাইসিস’ (পিআরএ) প্রতিবেদন দেওয়া হয়।
হাই কমিশন জানায়, মালয়েশিয়ায় স্থানীয় ভোক্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি থাকায় সেখানে বাংলাদেশি আমের চাহিদা রয়েছে। এই বাজারটি ধরতে হাই কমিশন মালয়েশিয়ার কৃষি বিভাগ ছাড়াও বিভিন্ন ব্যবসায়িক চেম্বার, আমদানিকারক ও সুপারশপগুলোর সঙ্গে একাধিক বৈঠক করে।
মালয়েশিয়ান সরকারি নীতিমালা অনুযায়ী, যেকোনো দেশ থেকে তাজা আম আমদানির ক্ষেত্রে কীটপতঙ্গ ঝুঁকি বিশ্লেষণ (পিআরএ) এবং সংশ্লিষ্ট বাগানের ‘ভেরিফিকেশন অব কমপ্লায়েন্স’ (ভিওসি) যাচাই করা বাধ্যতামূলক। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই মালয়েশিয়ার কৃষি বিভাগের দুই সদস্যের একটি প্রতিনিধি দল আসছে ৭ থেকে ১৩ জুন বাংলাদেশ সফর করবে।
এ সফরের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’। প্রতিনিধি দলটি আম উৎপাদন এলাকা পরিদর্শন শেষে ‘সন্তোষজনক প্রতিবেদন’ দিলে চলতি মৌসুমেই মালয়েশিয়ায় আম রপ্তানি শুরু হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের আমের প্রবেশাধিকার নিশ্চিত হলে তা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও রপ্তানির নতুন দুয়ার খুলে দেবে।