১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তুরস্ক থেকে অবৈধভাবে গ্রিসে যেতে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সরে গিয়ে একটি খালে পড়ে ডুবে যায়।

তুরস্ক থেকে অবৈধভাবে গ্রিসে যেতে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

স্থানীয় পত্রিকা ‘নিউজওয়ান’-এ প্রকাশিত ছবি

মতিউর রহমান মুন্না

গ্রিসের এথেন্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2022, 04:58 PM

Updated : 29 Jul 2022, 06:24 AM

তুরস্ক থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন।

নিহতের নাম কওছর উদ্দিন, বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে। তিনি রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বলে জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার গ্রিসের আলেকজান্দ্রোপলি দিয়ে প্রাইভেটকারে অবৈধ অভিবাসী পরিবহনের সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে সংবাদটি এসেছে।

Image

নিহত কওছর উদ্দিন

এ ব্যাপারে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেন দূতাবাসের প্রথম শ্রম সচিব বিশ্বজিত কুমার পাল।

স্থানীয় পত্রিকা ‘নিউজওয়ান’ এর প্রতিবেদনে বলা হয়, “অবৈধভাবে ৪ অভিবাসী নিয়ে এক চালক তার প্রাইভেটকারে গ্রিসে আসার সময় অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সরে গিয়ে একটি খালে পড়ে পানিতে ডুবে যায়।”

পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের আলেকজান্দ্রোপলির জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সব অভিবাসীকে গ্রেপ্তার দেখিয়েছে, চালককে মানবপাচারকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আহত দুই বাংলাদেশি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন।

দূতাবাসের প্রথম সচিব বিশ্বজিত কুমার পাল জানান, ২১ জুলাই থেকে নিখোঁজ ছিলেন প্রবাসী কওছর উদ্দিন। দুর্ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে তার নিহতের বিষয়টি নিশ্চিত হন স্বজনরা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।