Published : 24 Jun 2025, 03:14 PM
সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণে লঘু শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা ‘সংগীতাঙ্গন নিউ গ্রিন সিগনেচার’।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নগরীর নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) অডিটরিয়ামে এ আয়োজন করে বাংলাদেশিদের সংগীত শেখার প্রতিষ্ঠান ‘সংগীতাঙ্গন'।
উৎসবের সূচনা হয় ‘সুর সপ্তক ১ ও ২’ এবং ‘সুর অলংকার ১’ পর্যায়ের শিক্ষার্থীদের সমবেত পরিবেশনার মাধ্যমে।
তারপর একে একে একক পরিবেশনায় অংশ নেন সংগীতাঙ্গনের শিক্ষার্থী তিথি সূত্রধর, মৃত্তিকা মজুমদার, অনরা চক্রবর্তী, অনন্ত কুমার, স্নেহা সাহা, রিয়া সাহা, সৃষ্টি মল্লিক, পূরবী চক্রবর্তী ও স্নেহা বাসু।
আয়োজকরা জানান, এবারের ১২তম বার্ষিক পরিবেশনা ছিল 'কিছুটা বিশেষ’। কারণ, এই প্রথমবারের মতো সংগঠনের নির্বাচিত ও প্রশিক্ষিত দশজন শিক্ষার্থী একক পরিবেশনায় অংশ নেন।
দীর্ঘদিন ধরে সংগীতের তালিম নেওয়া এই শিক্ষার্থীদের পরিবেশনার সঙ্গে যুক্ত হয় শিক্ষকদের সম্মিলিত পরিবেশনাও। মূলত প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের এই শিক্ষার্থীদের আত্মপ্রকাশের সুযোগ করে দেওয়া এবং একক পরিবেশনার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে সংগীতাঙ্গনের চেয়ারম্যান জাহানারা খান বেবী স্বাগত বক্তব্য দেন।
তিনি অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ‘শহীদ গ্রুপ’ এবং ব্যক্তিগতভাবে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে প্রবাসে শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সীমাবদ্ধতা এবং সে ক্ষেত্রে অভিভাবকদের দায়বদ্ধতার বিষয়টিও তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের সঙ্গে দ্বৈত পরিবেশনায় অংশ নেন সংগীতাঙ্গনের শিক্ষক রিয়া চৌধুরী, সোমদত্তা গোস্বামী ও মনজুরুল মান্নান।
সাংস্কৃতিক পরিবেশনার বিশেষ পর্বে ছিল সিঙ্গাপুরের সংগীতশিক্ষা প্রতিষ্ঠান ‘সিফাস’-এর গণেশ কুমারের তত্ত্বাবধানে তিনজন শিক্ষার্থীর বেহালায় পরিবেশনা, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন কণ্ঠশিল্পী মিলিয়া ইসলাম সাবেদ, গণেশ কুমার এবং সংগীতাঙ্গনের উপদেষ্টা মিঠুন কুমার সাহা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহীন আমিনুল্লাহ। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সংগীতাঙ্গনের শিক্ষক মনজুরুল মান্নান।