অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ
নাপোলি এলাকায় একটি সরকারি আশ্রয় ক্যাম্পে থাকতেন তিনি।
জীবিকার তাগিদে মাত্র কয়েক মাস আগে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু সড়ক দুর্ঘটনায় নিভে গেছে সব স্বপ্ন।
নিহত শরিফুল ইসলামের (১৯) বাড়ি মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিঠাপুরে। তিনি ওই গ্রামের নশু প্রামাণিকের একমাত্র সন্তান।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশটির বন্দরনগরী নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ.টি.এম. রকিবুল হক।
প্রবাসীরা জানান, ইতালিতে নাপোলি এলাকায় একটি সরকারি আশ্রয় ক্যাম্পে থাকতেন শরিফুল। ওইদিন সাইকেল চালানোর সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন এবং আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং লাশ উদ্ধার করে কাছের হাসপাতালের মর্গে পাঠান। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
রাষ্ট্রদূত জানান, স্থানীয় প্রবাসী কমিউনিটির সঙ্গে আলোচনা করে শরিফুলের লাশ দেশে পাঠানোর প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শুরু করা হবে।
