১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সে উদীচীর আয়োজনে পঞ্চকবির স্মরণ সন্ধ্যা

উবারভিলিয়ে শহরের স্পেস রঁদি মিলনায়তনে এ আয়োজন করেন তারা।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 11:33 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের আয়োজনে বাংলা সাহিত্যের পঞ্চকবিকে স্মরণ করে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন।

শনিবার স্থানীয় সময় বিকেলে উবারভিলিয়ে শহরের স্পেস রঁদি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির সমন্বয়ে পঞ্চকবির সৃষ্টিকর্ম পরিবেশিত হয়।

বাংলা সাহিত্যের ‘পঞ্চকবি’ হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও পরিবেশনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরণ্ময় মণ্ডল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার স্বাগত বক্তব্য দেন। পরে পঞ্চকবির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। 

উদ্বোধনী সংগীত হিসেবে রজনীকান্ত সেনের ‘তুমি নির্মল কর মঙ্গল করে’ সমবেতভাবে পরিবেশন করা হয়। শিল্পী ও কলাকুশলীদের পরিচিতি পর্ব উপস্থাপনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ রোমানা আফরোজ ও সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা বড়ুয়া। 

সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন কিরণ্ময় মণ্ডল ও শার্মিষ্ঠা বড়ুয়া। অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করেন সহ-সভাপতি রোজী মজুমদার। নৃত্য পরিচালনায় ছিলেন জিএম শরিফুল ইসলাম। যন্ত্রসংগীতে নির্দেশনা দেন সাগর বড়ুয়া। সহযোগিতায় ছিলেন প্লাসিড শিপন রিবেরু ও সুস্মিতা বড়ুয়া।