Published : 19 May 2026, 07:34 AM
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছেন ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার দেশটির সোয়াদি ওয়াটার পার্কে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান’।
মেলায় রাজধানী মাস্কাটসহ বারকা, সাহাম, সেনু, সোমাইল, সোহার ও সালালাহসহ ওমানের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলাপ্রাঙ্গণ।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান আজিমুল হক বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিসবাহ-উল-আজিম।
সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম।

মেলার মূল আকর্ষণ ছিল দেশীয় খাবারের স্টল, ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্পের প্রদর্শনী। সাংস্কৃতিক পর্বে নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটকের পাশাপাশি ছিল বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা। নারীদের বালিশ খেলা এবং পুরুষদের জন্য ছিল হাডুডু, দড়ি টানা ও মোরগ লড়াই প্রতিযোগিতা।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী, ক্লাবের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, আব্দুর রহিম ও মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মজুমদার ও আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী সরকার, কোষাধ্যক্ষ মো. মাহবুবুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম পারভেজ, ওয়েলফেয়ার সেক্রেটারি কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এবং প্রচার সম্পাদক হাফেজ নাজিম উদ্দিনসহ সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতারা।
উৎসবের আমেজ থাকলেও অনুষ্ঠানে সম্প্রতি ওমানে নিহত ৪ বাংলাদেশির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রবাসীরা জানান, দীর্ঘ প্রবাস জীবনে এ ধরনের আয়োজন তাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়।