১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘তাণ্ডব’ দিয়ে শুরু বায়োস্কোপ ফিল্মের ৫০তম প্রদর্শনী

নিউ ইয়র্কে একটি বাংলা সিনেমা হল স্থাপনে প্রবাসীদের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে ‘তাণ্ডব’ দিয়ে শুরু বায়োস্কোপ ফিল্মের ৫০তম প্রদর্শনী
বক্তব্য দিচ্ছেন নওশাবা রুবনা রশীদ (সর্বডানে)।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 09:05 AM

Updated : 26 Aug 2026, 01:11 PM

এবারের ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ৫০তম চলচ্চিত্র প্রদর্শনী পূর্ণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশনা সংস্থা ‘বায়োস্কোপ ফিল্ম’।

নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে শুক্রবার শুরু হচ্ছে এই ক্রাইম-থ্রিলার ঘরানার চলচ্চিত্রটির প্রদর্শনী, চলবে ১৯ জুন পর্যন্ত।

এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে কৃতজ্ঞতা অনুষ্ঠান ও কেক কাটা উৎসব করে ‘বায়োস্কোপ ফিল্ম’।

সংস্থাটির কর্ণধার নওশাবা রুবনা রশীদ জানান, রায়হান রাফি পরিচালিত এ চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের আরও ১৭টি অঙ্গরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে।

এতে অভিনয়ে আছেন শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূর। ‘তাণ্ডব’-এর কাহিনি আবর্তিত হয়েছে একটি টেলিভিশন অফিসে সংঘটিত এক হামলার ঘটনাকে কেন্দ্র করে।

নওশাবা জানান, গত ৮ বছরে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের হলে মোট ৫০টি চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ৫০তম প্রদর্শনীর মাইলফলক স্পর্শ করেছে ‘বায়োস্কোপ ফিল্ম’।

তিনি বলেন, “২০১৭ সাল থেকে ব্যবসায়িক লাভের চেয়ে বাংলা সংস্কৃতির প্রচার-প্রসারই আমাদের মূল লক্ষ্য। যদিও অধিকাংশ প্রদর্শনীতে ব্যক্তিগত অর্থ লগ্নি করতে হয়েছে, তবু দর্শকের আগ্রহ আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে।”

নিউ ইয়র্কে একটি বাংলা সিনেমা হল স্থাপনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন নওশাবা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামিম আল আমিন, এফ এ ফারজানা, পিয়াল হাসান ও তানভির তারেক।