১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কানাডায় নিখোঁজের এক মাস পর মিলল বাংলাদেশি তরুণীর লাশ

পুলিশ বলছে, তার শরীরে অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

কানাডায় নিখোঁজের এক মাস পর মিলল বাংলাদেশি তরুণীর লাশ
নিধুয়া মুক্তাদির।

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

কানাডার টরন্টোতে বাংলাদেশি এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি মাসখানেক আগে নিখোঁজ হয়েছিলেন।

অন্টারিও পোর্ট ব্রুস সৈকতের সংলগ্ন ইরি লেকের তীরে শনিবার তার মরদেহ পাওয়া যায় বলে স্থানীয় দৈনিক দ্য লন্ডন ফ্রি প্রেস জানিয়েছে।

নিধুয়া মুক্তাদির (১৯) নামের ওই তরুণী কানাডায় বসবাসরত বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। নিধুয়া দেশটির ফানশাওয়ে কলেজে নার্সিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নয় বছর বয়সে নিধুয়া পরিবারের সঙ্গে কানাডায় যান। এরপর পরিবারের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে বসবাস করছিলেন।

দ্য লন্ডন ফ্রি প্রেস লিখেছে, অন্টারিওর লন্ডন এলাকা থেকে গত ৪ ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন নিধুয়া। তার এক দিন আগে তাকে দেখা গিয়েছিল পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে হক ক্লিফ রোডে। তার সন্ধানে ডুবুরি ও ড্রোনের সাহায্যে ব্যাপক অনুসন্ধান চালানো হয়।

নিখোঁজের এক মাস পর লাশ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে অন্টারিওর পুলিশ বলছে, তার শরীরে অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির বলেন, “পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমার বোন খুব সাহসী ও দৃঢ়চিত্তের ছিল। তাকে হারিয়ে পরিবার খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।”

নিধুয়ার সঙ্গে সবশেষ গত ২৯ নভেম্বর মোবাইল ফোনে কথা হয়েছিল বলে মা সামিনা নাসরিন চৌধুরী জানিয়েছেন।