১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার দাবি

অবিলম্বে এফবিআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ বিষয়ে পদক্ষেপ চেয়েছে একটি সংগঠন।

যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার দাবি
ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। ফাইল ছবি।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 01:55 AM

Updated : 26 Aug 2026, 01:33 PM

যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক একটি সংগঠন।

অবিলম্বে এফবিআইসহ বিভিন্ন সংস্থার এ বিষয়ে পদক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ‘দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’ (কেয়ার) নামের ওই সংগঠন।

কেয়ারের কানেটিকাটচ্যাপ্টারের চেয়ারম্যান ফারহান মেমোন বিবৃতিতে সম্প্রতি এ রাজ্যের স্ট্যামফোর্ড সিটির একটি মসজিদের সামনে একদল ব্যক্তির ‘মুসলমানদের হুমকি’ দেওয়ার বিষয় উদাহরণ হিসেবে তুলে ধরেন।

তার অভিযোগ, শিশুসহ মসজিদে আসা মুসলমানদের উদ্দেশ্য করে ’মুসলিম বিদ্বেষী হামলার’ প্রাথমিক প্রক্রিয়া হিসেবে এভাবে হুমকি দেওয়া হয়েছে। মসজিদ থেকে শান্তিপূর্ণভাবে বের হওয়ার পর এমন আচরণে ভীত-সন্ত্রস্ত্র মুসলমানরা।

এ ’হামলাকে’ গুরুত্বের সঙ্গে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর প্রতি তিনি আহ্বান জানান।

তিনি বলেন, কানেটিকাট কখনোই বিদ্বেষী হামলার অভয়ারণ্য হতে পারে না।

কেয়ার বিবৃতিতে সংগ্রহ করা একটি ভিডিও এর বরাতে বলেছে, কানেটিকাট রাজ্যের স্ট্যামফোর্ড সিটিতে অবস্থিত ‘ইসলামিক কালচারাল সেন্টার অব নিউ ইয়র্কের’ মসজিদের সামনে মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসলমানদের উদ্দেশে ‘ইসলাম বিদ্বেষী’ বক্তব্য দেন একদল ব্যক্তি। তাদের যুক্তরাষ্ট্রে ছেড়ে যেতে বলা হয়।

কেয়ারের কেন্দ্রীয় কমিটির গবেষণা ও পরামর্শ বিষয়ক পরিচালক কোরি স্যালোর বলেন, গত ৩০ বছরের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশি ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এর ফলে সামাজিক সম্প্রীতি হুমকির মুখে পড়লেও খুব কম ক্ষেত্রেই পুলিশকে সক্রিয় হতে দেখা যাচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধানে সকল ধর্মের স্বাধীনতাকে নিশ্চিত করার অঙ্গিকার রয়েছে।