Published : 01 Jun 2026, 01:55 PM
মাইজভান্ডারি মতবাদের প্রতিষ্ঠাতা সাধক সৈয়দ আহমদ উল্লাহর ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাহরাইনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করেছেন প্রবাসীরা।
শুক্রবার দেশটির রাজধানী মানামার সালমানিয়া মেডিক্যাল কমপ্লেক্সের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ‘মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ’।
এতে প্রধান অতিথি ছিলেন আয়োজক সংগঠনের পৃষ্ঠপোষক সৈয়দ ইরফানুল হক। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইরফানুল হক বলেন, “রক্তদান একটি মহৎ মানবিক কাজ। সুফিবাদ সবসময় মানবকল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। সেই আদর্শকে ধারণ করেই আমরা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ সোহেল চৌধুরী, কাতার শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জহির উদ্দিন বাবর, সদস্য সাজ্জাদুল হক, মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ মুনতাসির।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়।