১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বস্টনে ভোট চুরির মামলায় ৩ বাংলাদেশিকে জরিমানা

মামলার যাবতীয় খরচ বাবদ ১ লাখ ৩৪ হাজার ডলার জরিমানার রায় দিয়েছে আদালত।

বস্টনে ভোট চুরির মামলায় ৩ বাংলাদেশিকে জরিমানা
তানভির মুরাদ, পারভিন চৌধুরী ও সালাউদ্দিন খান

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2024, 12:35 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

যুক্তরাষ্ট্রের বস্টনভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড’-এর নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ বাংলাদেশিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

তারা হলেন পারভিন চৌধুরী, সালাউদ্দিন খান ও তানভির মুরাদ।

গত ২৫ নভেম্বর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি আদালত অভিযুক্তদের বিরুদ্ধে মামলার যাবতীয় খরচ বাবদ ১ লাখ ৩৪ হাজার ডলার জরিমানার রায় দেয়।

ম্যাসাচুসেটসের এসেক্স কাউন্টির সুপেরিয়র আদালতের বিচারক জেনিস ডব্লিউ হাউয়ের দেওয়া মামলার বিবরণে জানা যায়, ওই অঙ্গরাজ্যে প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড’-এর নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১০ ও ১১ নভেম্বর। ওই নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে মামলা দায়ের করেন সংগঠনটির সভাপতিপ্রার্থী মাহবুব-ই খোদা খোকা।

অভিযোগের প্রমাণ পেয়ে চলতি বছরের ১২ জুলাই লরেন্স উচ্চতর আদালতের সহযোগী বিচারক ক্রিস্টেন বাক্সটন নির্বাচনী ফলাফল বাতিলের আদেশ দেন। একইসঙ্গে বিবাদীপক্ষকে মামলার সব খরচ বহন এবং আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করার জন্য সংগঠনের কার্যনির্বাহী পরিষদকে নির্দেশ দেন।

আদালতের আদেশ পেয়ে গত ৫ অগাস্ট নতুন নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত। নতুন এ নির্বাচনে তানভির-তাজ-শান্তা পরিষদ অংশ নিতে অপারগতা জানালে নির্বাচন কমিশনার গত ২৭ সেপ্টেম্বর খোকা-সাজু-রাজিব পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।