১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে তিন দিনব্যাপী বাংলাদেশি-আমেরিকান শিল্প উৎসব

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এ আয়োজন করে ‘বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরাম’।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 11:48 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরামের উদ্যোগে তিন দিনব্যাপী জমকালো শিল্প উৎসব ও আর্ট ক্যাম্প ‘মেলোডি অব ইন্ডিপেন্ডেন্স’। 

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুক্র থেকে রোববার এই একাদশ আসরটি অনুষ্ঠিত হয় লং আইল্যান্ডের এলিগেন্স ট্যারেসে। 

‘ওয়ান ওয়ান অর্গানাইজেশন’ ও ‘এলিগেন্স ট্যারেস’ সহযোগিতায় এবার বৈচিত্র্যময় শিল্পকর্মে রঙিন হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। উৎসবের উদ্বোধনী দিনে দুই দেশের জাতীয় সংগীত, রবীন্দ্রসংগীত এবং ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের তালে মুখর ছিল প্রাঙ্গণ। 

ক্যাম্পে অংশ নেন নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, কানাডা ও বাংলাদেশ থেকে আসা শিল্পীরা। স্বাগত বক্তব্য দেন ওয়ান ওয়ান অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. হাসান। উৎসব উদ্বোধন করেন বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরামের সভাপতি আর্থার আজাদ। 

বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী ও অধ্যাপক রোকেয়া সুলতানা, ফোরামের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং এলিগেন্স ট্যারেসের এক্সিকিউটিভ ডিরেক্টর শামীম আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ তানভীর আহমেদ।

আয়োজনে কিউরেটরের দায়িত্ব পালন করেন শিল্পী কায়সার কামাল। প্রথম দিনে ৩৭ জন শিল্পী একসঙ্গে একটি বৃহৎ ক্যানভাসে আঁকেন বাংলাদেশ-আমেরিকার মৈত্রীর প্রতীকী চিত্র। বক্তারা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ভাবনা এবং বাংলাদেশের শিল্প-সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরার প্রেরণা।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় শিল্পকর্ম নির্মাণ এবং সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত পরিবেশন করেন জীবন বিশ্বাস, ওয়াহিদ আজাদ ও মুক্তা ধর। যন্ত্রসংগীত পরিচালনায় ছিলেন সীতেশ ধর। আবৃত্তি করেন শুক্লা রায়। কর্মশালা পরিচালনা করেন অধ্যাপক রোকেয়া সুলতানা।

তৃতীয় দিনটি ছিল শিশু-কিশোরদের জন্য। শতাধিক শিশু-কিশোর অংশ নেয় শিল্প-কর্মশালা ও প্রতিযোগিতায়। এই পর্ব পরিচালনা করেন শিল্পী জেবুন্নেসা হেলেন। এছাড়া আর্থার আজাদ, বিশ্বজিৎ চৌধুরী ও মোহাম্মদ হাসান রোকন পরিচালনা করেন শিক্ষণপর্ব।

শেষ দিনে তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা ও শিল্পআড্ডা। অংশ নেন শিল্পী তাজুল ইমাম, খালেদ মুহিউদ্দিন, কৌশিক আহমেদ ও জীবন বিশ্বাস।