দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার গণতান্ত্রিক বাম ঐক্যের
সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো শুক্রবার যুগপৎভাবে ঢাকাসহ সকল মহানগরে গণমিছিল করছে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বাম ঐক্যের নেতারা এই অঙ্গীকার করেন।
বাম ঐক্যের সমন্বয়ক সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, “আমাদের এক দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিতে হবে।”
বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বলেন, “এই সরকারের অধীনে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হবে না। সেজন্য আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এই এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন অর রশীদ খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির নেতা কামরুল প্রামানিক বক্তব্য দেন।
পরে গণমিছিলটি জাতীয় প্রেসক্লাব সড়ক দিয়ে ঘুরে তোপখানা রোড হয়ে সেগুন বাগিচায় গিয়ে শেষ হয়।
সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো শুক্রবার যুগপৎভাবে ঢাকাসহ সকল মহানগরে গণমিছিল করছে।
