Published : 20 Jan 2024, 03:34 PM
আওয়ামী লীগের অধীনে ‘সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ দাবি করে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধানী মিশনের মূল্যায়ন প্রতিবেদনে সেটাই আবার প্রমাণিত হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটা প্রমাণিত হয়ে গেল, ইউরোপীয় ইউনিয়নের যে টিম এসেছিল সেই টিমের কথা। এ জিনিসটা নতুন করে বলে, বার বার করে বলে তো লাভ হচ্ছে না। কারণ উনারা তো কানে দিয়েছেন তুলো।”
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে ভোটের পরিবেশ দেখতে গত জুলাই মাসে একটি অনুসন্ধানী মিশন পাঠিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তারা তাদের মূল্যায়ন প্রতিবেদন নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে জানিয়ে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণের জন্য ‘অনুকূল নয়’ বলে মনে করেছে অনুসন্ধানী মিশন, সে কারণে তারা পর্যবেক্ষক ‘পাঠাবে না’।
ওই প্রতিবেদনের প্রসঙ্গ ধরে মির্জা ফখরুল বলেন, “আমি বারবারই বলে আসছি, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সম্ভব না। এটা পরীক্ষিত। আমরা পরপর দুটি নির্বাচন অতীতে করেছি। তাদের অধীনে যে কখনো কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না্, জনগণ যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না, এ ব্যাপারে সন্দেহ কারো থাকার কথা নয়।
“তবে এবার যখন নির্বাচনের কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, ভিনদেশে গিয়ে বিদেশিদের কাছে কথা দেন যে, খুব সুন্দর অবাধ নির্বাচন হবে, কোনো চিন্তার কারণ নাই। তখন ইউরোপীয় ইউনিয়ন টপ অবজারভেটারি টিম পাঠিয়েছিল। এই টিমটা খুব এক্সনেটসিভলি ঘুরেছেন, সকল স্টেকহোল্ডারদের সঙ্গে তারা কথা বলেছেন। কথা বলে যেটা তারা স্পষ্ট করে বলেছেন যে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নাই। এখানে অবজারভার টিম পাঠানোর পরিবেশ নেই।”
ক্ষমতাসীন দলের সমালোচনা করে ফখরুল বলেন, “ওদের বক্তৃতা শুনলে দেখবেন একটা জিনিসেই জোর দিচ্ছে তারা যে, হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতেই হবে, অ্যাট দ্য কস্ট অব দ্য কান্ট্রি, অ্যাট দ্য কস্ট অব দ্য নেশন, কস্ট অব ডেমোক্রেসি। এই যে বিষয়টা, এটা কি একটা জাতি, যারা দেশের জন্য যুদ্ধ করেছে, যারা লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে, সেই জাতি কীভাবে মেনে নেবে?”
সরকার পদত্যাগ না করলে দেশ ‘সংঘাতের দিকে যাবে’ বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “এখনো তো সংঘাত শুরু হয়নি। কিন্তু আওয়ামী লীগ যেভাবে এগোচ্ছে, তাতে তো জনগণ রুখে দাঁড়াবে।”
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “প্লিজ ওই জায়গা থেকে সরে আসেন। এসে পদত্যাগ করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন ভোট দিয়ে তাদের একটা সরকার নির্বাচিত করতে পারে, তাদের একটা জনগণের পার্লামেন্ট গঠন করতে পারে, তার ব্যবস্থা করেন।”
গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এদিন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আসেন দলের মহাসচিব।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)