০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিয়ে করলেন ইলিয়াস আলীর বড় ছেলে

বিশ্ববিদ্যালয়ের সহপাঠী তাসমিনা শাহতাজ সাথীর সঙ্গে নতুন জীবনের যাত্রা শুরু করেন আবরার।

বিয়ে করলেন ইলিয়াস আলীর বড় ছেলে

নিখোঁজ এম ইলিয়াস আলীর বড় ছেলে মোহাম্মদ আবরার ইলিয়াস বিয়েতে নব দম্পত্তির সঙ্গে সস্ত্রীক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অতিথিরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 02:01 AM

Updated : 20 Aug 2022, 02:17 AM

এক দশক ধরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বড় ছেলে মোহাম্মদ আবরার ইলিয়াস বিয়ে করেছেন।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী তাসমিনা শাহতাজ সাথীর সঙ্গে নতুন জীবনের যাত্রা শুরু করেন আবরার।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিয়ের অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ ইলিয়াস আলীর স্বজন ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

২০১২ সালের ১৭ এপ্রিল যখন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস নিখোঁজ হন তখন তার বড় ছেলে আবরার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।

বর ও কনে দুই জনেই লন্ডনের লিংকস ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার এট ‘ল পাস করেন।

কনে সাথীর বাবা ব্যবসায়ী কামাল উদ্দিন চৌধুরী ও মা শাহানাজ কামাল ঢাকায় থাকেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে।

আবরারও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দলটির মানবাধিকারবিষয়ক উপকমিটির সদস্য।

Image

নব দম্পত্তি আবরার ও সাথী

বিয়ে অনুষ্ঠানে তার মা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদীর লুনা, তার ছোট ভাই লাবিব সাহরা ও বোন সাইয়ারা নাওয়াল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সহধর্মিনী রাহাত আরা বেগম, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, মহানগর বিএনপির আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীসহ নব্বইয়ের ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

পুরানো খবর:

ইলিয়াস আলীর পরিবার ‘অনেক বিপদে’: ফখরুল

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস ২০১২ সালে ১৭ এপ্রিল থেকে গাড়ির চালকসহ নিখোঁজ হন। তাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছিল বলে বিএনপির অভিযোগ। তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদকও ছিলেন।

পুরানো খবর:

ইলিয়াস আলীর স্ত্রী এখনও স্বামীর অপেক্ষায়