০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বন্ধুত্ব চাইলে সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: ভারতকে নাহিদ

গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে স্বাক্ষরের দাবিও তুলেছেন এনসিপি আহ্বায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 07:43 PM

Updated : 07 Oct 2026, 07:43 PM

বন্ধুত্ব চাইলে গঙ্গা, তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে বলে ভারতের উদ্দেশ্যে বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “ভারতের সাথে কোনো বৈরিতা বা শত্রুতা আমাদের প্রত্যাশা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের স্বার্থ সুরক্ষা হচ্ছে কিনা।”

রাজধানীর পলাশীর মোড়ে বুধবার বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলছিলেন নাহিদ। সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভের’ পাদদেশে অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের সাথে ভারতের অভিন্ন অনেকগুলো নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুসারেও এই নদীর ন্যায্য হিস্যা গত ৫০ বছরেও বাংলাদেশ পায়নি। ভারত ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে গঙ্গার পানি নিজে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের জনগণকে শোষণ করার একটা হাতিয়ার হচ্ছে এই ফারাক্কা ব্যারেজ।’’

গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “এ বছর ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আবরার ফাহাদ যেটা চেয়েছিলে সেটা বাস্তবায়ন করার সময় এখন এসেছে। ভারত যে ৫ অগাস্টের পর থেকে বলে আসছে, বাংলাদেশের সাথে তারা সম্পর্ক চায়, বাংলাদেশকে তারা প্রতিবেশী হিসেবে দেখতে চায়। সেটা প্রমাণ করতে হবে যে ভারত বাংলাদেশ এই নতুন গঙ্গা পানিবণ্টন চুক্তি আবার কীভাবে হচ্ছে। আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, এটা শুধু নবায়ন করলেই হবে না, এই পানিবণ্টন চুক্তি নতুন করে স্বাক্ষরিত করতে হবে।”

আবরার ফাহাদ হত্যাকাণ্ড প্রসঙ্গে নাহিদ বলেন, “আওয়ামী লীগ যে ভারতের এক্সটেনশন, আওয়ামী লীগ যে এখানে ভারতের কারণে ক্ষমতায় ছিল, এটা স্পষ্ট হয়েছিল আবরার হত্যার মধ্য দিয়ে। কারণ আবরার হাসিনা কিংবা ছাত্রলীগের বিরুদ্ধে কিছু লেখেনি। লিখেছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এ জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়।”

আবরার ফাহাদ হত্যার বিচারের রায় এখনো কার্যকর না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।

আলোচনায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ আবরার ফাহাদ স্মৃতি সংসদের নেতারা উপস্থিত ছিলেন।