তারেক-জোবায়দার সম্পত্তি ক্রোকের আদেশে সাদা দলের উদ্বেগ
আদালতের এমন সিদ্ধান্তকে ‘সরকারের হীন কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করছে বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন।
দুদকের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল।
বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের এই সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমানের সই করা বিবৃতিতে শনিবার এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়া ও তারেক রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা করেছিল। সেসব মামলায় ক্ষমতাসীন সরকার এই পরিবারকে ‘রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার অপকৌশলে’ মেতে ওঠেছে।
বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত; ক্যান্টনমেন্ট থানার ওসিকে ১৯ জানুয়ারির মধ্যে এর অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
আদালতের এমন সিদ্ধান্ত ‘সরকারের হীন কর্মকাণ্ডের’ অংশ বলে মন্তব্য করেন অধ্যাপক লুৎফুর।
বিবৃতিতে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে যখন সোচ্চার, তখন তা নস্যাৎ এবং নেতা-কর্মী ও জনসাধারণের মনোবল ভাঙতেই সরকারের ইংগিতে এই আদেশ এসেছে।
“অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, ফরমায়েশি আদেশ ও সম্পত্তি ক্রোকের রায় বাতিল করার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের নিমিত্তে বিচার ব্যবস্থাকে ব্যবহার ও প্রশ্নবিদ্ধ করার অপকৌশল থেকে বিরত থাকার জন্য সরকারকে অনুরোধ করছি।”
