২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

উল্টো বিএনপিই এখন বেকায়দায়: তথ্যমন্ত্রী

নয়া পল্টনে সমাবেশ করার ‘গোঁ’ ধরে এবং সংসদ থেকে পদত্যাগ করে বিএনপি ভুল করেছে বলে মনে করেন হাছান মাহমুদ।

উল্টো বিএনপিই এখন বেকায়দায়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 06:24 PM

Updated : 02 Jan 2023, 06:24 PM

সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে এখন বিএনপিই বেকায়দায় পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে বিএনপিকে নিয়ে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, “আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে হচ্ছে বিরোধী দল বিএনপির সাংঘর্ষিক রাজনীতি, তার মিত্রদের দেশবিরোধী অপতৎপরতা, বিদেশিদের পদলেহন এবং বিদেশিদের কাছে ধরনা দেওয়া। এগুলো করে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়।

“কিন্তু সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে এখন বিএনপি নিজেই বেকায়দায় পড়ে গেছে। এর কারণ, তারা ভেবেছিল ১০ ডিসেম্বর নয়া পল্টনের সামনে সমাবেশ করে তারা একটি বিশৃঙ্খলা করতে পারবে। সেটি তারা পারেনি এবং বুঝতে পেরেছে তাদের শক্তি এবং সামর্থ্য কতটুকু।”

আগামীতেও বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বলে দাবি করেন হাছান মাহমুদ। সেই সঙ্গে তিনি বলে, সরকারও সতর্ক আছে।

“তারা কী করতে চায়, কী করতে পারে, সেটি নিয়ে আমাদের ধারণা আছে। সেটি মোকাবিলা করার প্রস্তুতি এবং পরিকল্পনা দুটোই আমাদের আছে। সুতরাং সেটি আমাদের কঠিন কোনো কাজ নয়।”

১০ ডিসেম্বর নয়া পল্টনে সমাবেশ করার ‘গোঁ’ ধরে এবং সংসদ থেকে পদত্যাগ করে বিএনপি ভুল করেছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “এ ধরনের হঠকারী সিদ্ধান্ত কেন নেওয়া হল, সেই প্রশ্নই এখন বিএনপির অভ্যন্তরে ঘুরপাক খাচ্ছে।”

সোমবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন হাছান মাহমুদ।

সমাবেশে বক্তৃতায় তিনি বলেন, “বিএনপিকে ১০ ডিসেম্বর সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দিলেও তারা পল্টনের রাস্তা বন্ধ করে সমাবেশের জন্য গোঁ ধরে থেকে শেষ পর্যন্ত গোলাপবাগে গেছে।

“ইসলামী আন্দোলনও বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করতে চাইতে পারত। নামাজের সুবিধা হত, কিন্তু রাস্তা বন্ধ হয়ে জনগণের ভোগান্তি হত। তারা সেটা করেননি, বিএনপির মতো ভুল করেননি। এজন্য তাদের ধন্যবাদ।”