১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়া সফর শেষে চীন যাবেন নাহিদ

আগামী ২৬ আগস্ট এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল চীন সফর শুরু করবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 06:07 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

চীন সরকারের আমন্ত্রণে দলের সাত নেতাকে নিয়ে ছয় দিনের সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

মালয়েশিয়া সফররত নাহিদের আগামী ২৪ অগাস্ট দেশে ফেরার কথা রয়েছে। দুদিন বিরতি দিয়ে ২৬ অগাস্ট তার চীন সফর শুরু হবে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। 

চীন সফরের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

জানতে চাইলে তাহসীন রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চীন সফর উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকায় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বৈঠকে যারা উপস্থিত ছিলেন, তারা সবাই চীন সফরকারী দলে রয়েছেন। এছাড়া রয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। ঢাকার বাইরে অবস্থানের কারণে তিনি দূতাবাসের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

রিয়াজ জানান, আগামী ২৬ অগাস্ট এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল চীন সফর শুরু করবে। এরপর ৩১ অগাস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে। 

তিনি বলেন, “চীন সরকারের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে আমরা সেখানে যাচ্ছি। রাজনীতির বিভিন্ন বিষয় এবং সাংস্কৃতিক আদান-প্রদানের অংশ হিসাবে আমাদের এই সফর। সেখানে আইসিডিসির সেন্ট্রাল বডি এবং বিভিন্ন প্রাদেশিক বডির সঙ্গে আমাদের বৈঠক হবে।”

দল গঠনের পর সারাদেশে সফর শেষে বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন দেশে সফরের পরিকল্পনা করেছিল এনসিপি। এর অংশ হিসাবে প্রথম দেশ হিসেবে শুক্রবার মালয়েশিয়া সফরে যান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।