Published : 18 Aug 2026, 09:28 PM
বর্তমান সরকার ‘ব্যর্থ’ হোক তা জামায়াতে ইসলামী চায় না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে জামায়াত বিরোধী দল হিসেবে রাজপথে ও জাতীয় সংসদে সক্রিয় থাকবে বলেছেন তিনি।
রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে মঙ্গলবার বিকালে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, “আমরা চাই না সরকার ব্যর্থ হোক। তবে সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধীদল সংসদে ও রাজপথে সোচ্চার, সরব থাকবে। সংসদ ও সংসদের বাইরে আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক ভূমিকা পালন করব। আমরা এভাবে সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা হরতাল কিংবা জ্বালাও-পোড়াওয়ের পথে হাঁটছি না। এটিই সরকারের প্রতি আমাদের সহযোগিতা।”
গণভোটের রায় না মানার বিষয়ে জনগণের কাছে সরকারকে জবাব দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, “কিছু কিছু মিডিয়া একধরনের তোষণ নীতির মধ্যে রয়েছে। বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা নেই, এ জন্য সত্য লিখতে পারছে না। মিডিয়া সত্য তুলে ধরবে, এটি আমাদের প্রত্যাশা। মোটা দাগে বলতে গেলে বিএনপি সরকার ফ্যাসিস্টের পথে হাঁটছে।”
গণভোটের রায় কার্যকর না করা সরকারের সবচেয়ে ব্যর্থতা বলে আখ্যা দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “গণভোট নিয়ে সরকারের এমন অবস্থানে জাতি ও গোটা বিশ্ব বিস্মিত।”
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করে জামায়াত। দলটি বলছে, সমস্যা সমাধানে বিরোধী দল সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিলেও তা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়নি।
গোলাম পরওয়ার বলেন, “সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দলীয় লোক নিয়োগ করছে। সিটি করপোরেশন, জেলা পরিষদগুলোয় সরকারি আমলা যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন- তাদের সরিয়ে দলীয় লোক নিয়োগ দিয়েছে। অথচ সরকারের উচিৎ ছিল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বে বসানো।
“সরকারি চাকরিতে যোগদানের জন্য এখন আর যোগ্যতা, মেধা, পরীক্ষা আর ভাইভার দরকার হয় না, বিএনপি করাই যোগ্যতা। সরকারি অফিসগুলো যেন এখন বিএনপি নেতাকর্মীদের পুনর্বাসনের কেন্দ্র হয়েছে। ক্যাম্পাসগুলোয় শৃঙ্খলা আনতে পারছে না সরকার।”
অর্থনীতি সম্পর্কে তিনি বলেন, “গত ছয় মাসের অর্থনৈতিক সূচক, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনীতির চালচিত্র বিশ্লেষণ করে বিএনপি সরকারের মেয়াদের প্রধান অর্থনৈতিক সংকট ও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। বাজারে নিত্যপণ্যের দাম কমেনি বরং চাঁদাবাজি, সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, আইনশৃংখলা পরিস্থিতির অবনতি এবং তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্য ও ভোগপণ্যের দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ।”
গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিরোধী দলের এমপিদের ওপর সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের বসিয়ে দেওয়া হয়েছে তদারকির জন্য। এটি সংবিধানবিরোধী কাজ।
বিরোধীদলের সংসদ সদস্যদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বরাদ্দ না দেওয়ারও অভিযোগ করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “সরকারদলীয় নারী এমপি যারা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা নন, তারা নির্বাচিত এমপিদের কাজে হস্তক্ষেপ করছেন- এটি সংবিধানবিরোধী এবং এমপিদের অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ।”
জনপ্রশাসনে যারা সরকারের মতাদর্শের অনুসারী নন তাদের ওএসডি করা, পদোন্নতি না দেওয়া ও অহেতুক বদলির সমালোচনা করে জামায়াত। এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি থেকে দূরে রাখার ‘ষড়যন্ত্র’ চলছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে বর্তমান সরকার স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করে তিনি বলেন, “এটি সরকারের কৃতিত্ব নয়। এটি সম্পূর্ণ প্রবাসীদের হাড়, রক্ত ও ঘাম খসিয়ে দেশে পাঠানো রেমিট্যান্সের অবদান। এতে সরকারের কোনো কৃতিত্ব নেই। সরকারের সব বিভাগ ও মন্ত্রণালয়ে শুধু ব্যর্থতার চিত্র দেখা যাচ্ছে।”
সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত জামায়াতে ইসলামীর অন্তত ৬ জন নিহত হয়েছে দাবি করে তিনি বলেন, “আমরা রাজনীতিতে সংঘাত চাই না। দেশকে শান্তির দিকে নিতে চাই। আমাদের নেতাকর্মীদের ধৈর্য্য ধারনের নির্দেশ দেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, এএইচএম হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।