কোটিপতি বেড়েছে সাংঘাতিক রকম: বিএনপির নজরুল
“অথচ বাংলাদেশে কোটি কোটি মানুষ আরও বেশি দরিদ্র হয়েছে। এই যে উন্নয়ন এই উন্নয়ন অসম উন্নয়ন।”
গত কয়েক বছরে দেশে কোটিপতির সংখ্যা যেভাবে বেড়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, “কিছু মানুষ আরও বড় লোক হবে, কিছু মানুষ আরও দরিদ্র হবে। এটা সকলের জন্য উন্নয়ন না।”
বুধবার জাতীয়তাবাদী শ্রমিক দলের এক আলোচনা সভায় বিএনপি নেতা নজরুল এ বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশে গত কয়েক বছরে কোটিপতির সংখ্যা সাংঘাতিক রকমে বেড়েছে। বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি। এটা উদ্বেগের বিষয়।
“অথচ বাংলাদেশে কোটি কোটি মানুষ আরও বেশি দরিদ্র হয়েছে। এই যে উন্নয়ন এই উন্নয়ন অসম উন্নয়ন।”
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, “শহীদ জিয়া চেয়েছিলেন সকলের জন্য উন্নয়ন। আর সেজন্যই তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছিলেন দেশে এবং বিদেশে, সেই জন্য তিনি শিল্প প্রতিষ্ঠা করেছিলেন, যে শিল্পগুলোতে লোকের বেশি কর্মসংস্থান হবে।
“সেই জন্যই তিনি কৃষিতে উৎপাদনের পাশাপাশি শিল্প উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। ক্ষুদ্র ও কুটির শিল্পকে নানাভাবে সহযোগিতার ব্যবস্থা নিয়েছিলেন।”
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সামনে রেখে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই আলোচনা সভা হয়।
‘সুযোগ বার বার আসবে না’
নজরুল ইসলাম খান বলেন, “কিছু দিনের মধ্যেই নির্বাচনের একটা অবস্থা আসছে। আমাদের ভাবতে হবে… যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে, তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে।”
তিনি বলেন, “মনে রাখবেন একটা জিনিস, সুযোগ বারবার আসে না। ৩১ দফা যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা নিশ্চয় সেটা দেখেছেন। সেখানে সব শ্রেণিপেশার মানুষের কথা বলা আছে, শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে।
“আমরা যদি এই পরিবর্তন আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে। যেটা শহীদ জিয়া শুরু করেছিলেন, আমরা সেগুলা শেষ করার চেষ্টা করতে পারব।”
নজরুল ইসলাম খান বলেন, “আমি বিশ্বাস করি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, তারা সবাই মিলে চেষ্টা করবেন। শুধু ঢাকায় না, যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়।”
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম মন্জুরের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবীর খান, ফিরোজ উজ জামান মোল্লা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ শ্রমিক নেতারা বক্তব্য দেন।
