Published : 23 Apr 2026, 07:50 PM
বিরোধী দলও সংবিধান সংষ্কার ও সংসদে উচ্চকক্ষ নিয়ে জোরালো ভূমিকা পালন করতে পারছে না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ আবদুল কাইয়ুম।
তার ভাষ্য, “সরকার ও বিরোধী দল অনেকটা সমঝোতার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে বলেই প্রতীয়মান হয়।”
বৃহস্পতিবার রাজধানীতে শাহজাহানপুর থানা শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে দলের তৃণমূল নেতাকর্মীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কাইয়ুম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের দাবিতে সকল দল ও মতের মানুষ রাজপথে সরব ছিল। বর্তমান সরকার জনতার সেই চাওয়াকে কোনো প্রকার গুরুত্বই দিচ্ছে না। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, ফ্যাসিবাদী হতে চাইলে জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে।
“নির্বাচনের আগে সাংবিধানিক পদে নিয়োগপদ্ধতি, প্রধানমন্ত্রীর ‘একচ্ছত্র ক্ষমতা’ কমানোর প্রস্তাবের পাশাপাশি সংসদে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া ও সংবিধান সংশোধনের লক্ষ্যে সবাই এক সুরে কথা বলেছিলেন। রাজনৈতিক দলগুলোর প্রস্তাব ছিল পিআর পদ্ধতিতে নিম্নকক্ষে নির্বাচন। অপরদিকে সংবিধান সংস্কার কমিশনের দাবি ছিল, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি।”
দলের শাহজাহনপুর থানা সভাপতি সৈয়দ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকল ইসলাম।