১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মামলায় সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

পুলিশ বলছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে।

খালেদা জিয়ার মামলায় সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার
সৈয়দ জগলুল পাশা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 03:46 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার’ অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি জানান। 

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে।

ডিবি কর্মকর্তারা বলছেন, কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকায় নজরদারির মধ্যে রাখা হয়েছিল জগলুল পাশাকে। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সৈয়দ জগলুল পাশা গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া ২০১৩ সালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশের ভাষ্য।