১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা: কে কোথায় মনোনয়ন পেলেন

দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে প্রার্থীদের নির্দেশনা দিয়েছে এনসিপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 01:05 PM

Updated : 10 Sep 2026, 12:56 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে (বাড্ডা, ভাটারা, রামপুরা এলাকা), সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন। 

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা ঢাকা-৯ এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে মনোনয়ন পেয়েছেন। 

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোটের প্রচার চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন।

দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, “দেড় হাজারের বেশি প্রার্থী তাদের দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।”