Published : 03 Nov 2025, 09:18 PM
সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাওয়া ভোটের লড়াইয়ে ঢাকা ১৫ আসনে দেখা যাবে দুই শফিককে।
এক সময় জোটের শরিক দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় শফিকুল ইসলাম খান মিল্টনকে বেছে নিয়েছে বিএনপি।
শফিকুল মিল্টন ঢাকা মহানগরের যুবদল নেতা, যিনি বিএনপির সহযোগী এ সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি কিছুদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ধানের শীষের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় যুবদল নেতা শফিকুলের; যেখানে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে লড়বেন দলটির আমির শফিকুর রহমান।
একাদশ সংসদ নির্বাচনে ২০১৮ সালে নিবন্ধন না থাকায় জোটের হয়ে বিএনপির প্রতীকেই জামায়াত নেতা শফিকুর এ আসনে নির্বাচনে অংশ নেন। তখন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের কাছে হেরে যান তিনি।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি ও জামায়াত এখন আগামী নির্বাচন মাথায় রেখে একে অপরের বিরোধী রাজনীতি করছে। তাতে এ আসনে জ্যেষ্ঠ একজন রাজনীতিবিদের সঙ্গে লড়াইয়ে তরুণ এক নেতাকে বেছে নিল বিএনপি।
একদিন আগেই রোববার জামায়াতে ইসলামীর আবার আমির পুর্ননির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। তিনি আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।
মৌলভীবাজারে জন্মগ্রহণকারী শফিকুরের রাজনীতিতে হাতেখড়ি স্কুল জীবনে। ১৯৭৩ সালে নাম লেখান জাসদ ছাত্রলীগে। এরপর ১৯৭৭ সালে যোগ দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে। এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দয়িত্ব পালন শেষে ১৯৮৪ সালে যোগ দেন মূল দল জামায়াতে ইসলামীতে।
অপরদিকে ভোটের লড়াইয়ে তার প্রতিদ্ব্ন্দ্বী ঢাকা মহানগর যুবদলের নেতা শফিকুল মিল্টনকে ২০২৩ সালে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়। তিনি কিছুদিন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।