০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

তার শারীরিক অবস্থা অনেকটা ভালো হলেও প্রতিদিন ফিজিও থেরাপি দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 04:23 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

মালয়েশিয়ায় টানা পাঁচ মাস চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের অনুমতি নিয়ে বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মালয়েশিয়া থেকে তার স্ত্রী আফরোজা আব্বাস রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ উনি (মির্জা আব্বাস) আগামী ২ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। দেশে ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছে।

“আশা করছি, বাংলাদেশ বিমানের ফ্লাইটে রাত সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাব উনাকে নিয়ে। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। প্রতিদিন উনাকে থেরাপি দিতে হবে; তার ব্যবস্থাও করা হয়েছে।”

শাহজাহানপুরে নিজের বাসভবনে গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিনই নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম তার মতিষ্কে অস্ত্রোপচার করে।

১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে। সেখানে টানা এক মাসের চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ্য হয়ে ওঠেন। পরে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে ভর্তি করা হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে। সেখানে এতদিন তার ফিজিওফেরাপি চলছিল।

আফরোজা আব্বাস বলেন, “উনি দেশে ফেরার জন্য উদগ্রিব হয়ে উঠেছেন। গত কয়েক সপ্তাহ ধরে দেশে যাবেন বলে তাগাদা দিচ্ছেন। চিকিৎসকরা তার সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে দেশে ফেরার অনুমতি দিয়েছেন। তবে চিকিৎসক বোর্ড বলেছেন, তাকে প্রতিদিন ফিজিও থেরাপি দিতে হবে।”