১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টির একাংশ

আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ  প্রতিনিধি সভার মধ্য দিয়ে সারাদেশে সাংগঠনিক কর্মসূচি জোরদার করা হবে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 05:36 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। 

এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ  প্রতিনিধি সভার মধ্য দিয়ে ঢাকাসহ সারাদেশে সাংগঠনিক কর্মসূচি জোরদার করার কথাও বলেছে দলটি। 

শনিবার সকালে ঢাকার গুলশানে  চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এতে সূচনা বক্তব্য রাখেন মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত  করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। 

“হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে অবশ্যই দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। তবে তার আগে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।”

সভায় বক্তব্য রাখেন দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়ার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো- চেয়ারম্যান  সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা,জহিরুল ইসলাম জহির ও মোস্তফা আল মাহমুদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গেল ৯ অগাস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আলাদা হয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ দলেন কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

রওশনের অংশ থেকে বেরিয়ে কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলাও যোগ দেন তাদের সঙ্গে।