১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি অফিস তালাবন্ধ, কড়া পু্লিশি পাহারা

মূল সড়কের লাগোয়া প্রতিটি গলিতেও অবস্থান নিয়ে আছেন পুলিশ সদস্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 12:30 PM

Updated : 31 Oct 2023, 01:47 PM

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চারপাশে পু্লিশি পাহারা রেখে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ টেপের ব্যারিকেড সরিয়ে নিয়েছে সিআইডি।

মঙ্গলবার বিএনপির ডাকা ‘সর্বাত্মক’ অবরোধের মধ্যে নয়া পল্টনে গিয়ে দেখা যায়, দলটির কার্যালয়ের কলাপসিবল গেইট এখনও তালাবন্ধ। সামনে দুই পাশে অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা।

বিএনপি কার্যালয়ের সামনের ফুটপাত দিয়ে চলাচলও বন্ধ রাখা হয়েছে। কাউকে সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। কেউ অফিসের কাছে এসে দাঁড়ালে তাদের পুলিশ চলে যেতে তাগাদা দিচ্ছে। মূল সড়কের লাগোয়া প্রতিটি গলিতেও অবস্থান নিয়ে আছেন পুলিশ সদস্যরা।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ সংঘর্ষের কারণে পণ্ড হয়ে গেলে রাতেই দলটির কার্যালয় ঘিরে ফেলে পুলিশ। পরদিন সকালে সিআইডির ক্রাইম সিন ইউনিট গিয়ে ‘ডু-নট ক্রস-ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে তিন দিক ঘিরে দেয় বিএনপি অফিস।

সিআইডির কর্মকর্তারা জানান, সেখান থেকে ১১টি আলামত সংগ্রহ করে কেমিকেল ল্যাবরেটরিতে পাঠিয়েছে ক্রাইম সিন ইউনিট। সেই কাজ শেষ হওয়ায় সোমবার রাতে হলুদ টেপ খুলে নেওয়া হয়। তার আগে ওই এলাকার লাইট পোস্টগুলোতে লাগানো হয় নতুন আরো সিসি ক্যামেরা।

কার্যালয় বন্ধ থাকায় নেতা-কর্মীদেরও আনাগোনা নেই ওই এলাকায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়ে কারাগারে। মামলার কারণে অধিকাংশ নেতা আত্মগোপনে চলে গেছেন।

শনিবারের সংঘর্ষের পর রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল, সেদিনই গ্রেপ্তার হন মির্জা ফখরুলসহ কয়েকশ নেতাকর্মী। সেই হরতাল শেষে মঙ্গল থেকে বুধবার টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ডাকে দলটি।

অবরোধের মধ্যে মঙ্গলবার সকাল ৯টার দিকে বিজয়নগর পানির ট্যাংকের কাছ থেকে মিছিল বের করেন ৩০/৪০ জন ছাত্রদল কর্মী। বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিয়ে পল্টনে মোড় থেকে চলে যান তারা।