Published : 16 Nov 2025, 09:06 PM
প্রতীক নিয়ে দীর্ঘ আলোচনা ও বাদ-প্রতিবাদের পর সব আনুষ্ঠানিকতা শেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একই সঙ্গে নিবন্ধনের অনুমোদন পেয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
নির্বাচন কমিশনের অনুমোদনের পর এবার প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশের অপেক্ষা।
তবে আপত্তি আসায় পর্যালোচনা করে শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা বাংলাদেশ আমজনগণ পার্টিকে।
রোববার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, শর্ত পূরণ করায় দুটি দলের নিবন্ধন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। তারা নিবন্ধনও পাচ্ছে, প্রতীকও পেয়ে যাচ্ছে।
“বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়টি আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করবো আমরা।”
ইসির কর্মকর্তারা বলেন, এখন নতুন নিবন্ধন পাওয়া দলগুলোর বিষয়ে প্রতীকসহ প্রজ্ঞাপন এবং এ সংক্রান্ত গেজেট প্রকাশ করবে ইসি সচিবালয়।
সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতীক হিসেবে এনসিপি পাচ্ছে ‘শাপলা কলি’ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পাচ্ছে ‘কাঁচি’।
এবার নিবন্ধনের আবেদন থেকে চূড়ান্ত করা পর্যন্ত আট মাস সময় নিল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি।
এ বছরের ১০ মার্চ নিবন্ধন আগ্রহী নতুন দলের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। এক দফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করে।
নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থতায় প্রাথমিক বাছাইয়ে ঝরে পড়ে ১২১টি দল। বাকি ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত চালায় ইসির এ সংক্রান্ত কমিটি। ৩০ সেপ্টেম্বর জানানো হয়, দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। একটি দলের বিরুদ্ধে ফের আপত্তি ওঠে। এরপর ফের তদন্তে যায় কমিশন।
সবশেষ ৪ নভেম্বর এনসিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টিকে প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে কারো আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে লিখিত আবেদন করতে বলা হয়।
সংসদ নির্বাচনে অংশ নিতে দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর এ পযন্ত ৫৫টি দলের নিবন্ধন থাকল।