Published : 27 Mar 2026, 09:14 PM
দেশের স্বাধীনতাবিরোধী ‘অপশক্তি’ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা সেদিন আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে হত্যা চালিয়েছে।
“আমাদেরকে ভালো করে সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিয়ে যেতে হবে; সেখানেই আমাদের সাফল্য।”
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার স্বাধীনতা দিবস ও জাতীয় বিপ্লব দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির এই আয়োজনে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমানও।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, “আমরা সবাই আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে প্রচণ্ড রকমের আশাবাদী। তিনি আসার পরেই মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আশা জাগিয়ে চলেছেন।
তারেকের দেশে ফেরার কথা তুলে ধরে ফখরুল বলেন, “অন্য রাজনৈতিক কথা বললেন না; তিনি প্রতিশোধের কথা বললেন না; প্রতিহিংসার কথা বললেন না। বললেন, আই হেভ প্ল্যান, আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি দেশটাকে গড়বার।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিবকে স্থানীয় সরকার মন্ত্রী বলে সম্বোধন করেন সঞ্চালক সুলতান সালাউদ্দিন টুকু।
এ প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, “মহাসচিব পরিচয় থেকে স্থানীয় সরকার, ওমুক মন্ত্রী-টন্ত্রী বললে মনে হয় যে, একটু দূরে চলে যাওয়া হচ্ছে।
“যাই হোক, আমরা সবসময় আছি, কাছেই আছি, দলের সঙ্গেই আছি এবং আমৃত্য দলের সঙ্গে থাকব বলে আমরা বিশ্বাস করি।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ বক্তব্য রাখেন।
সভায় অন্যদের মধ্যে শিক্ষাবিদ ওয়াকিল আহমেদ, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, বিশ্ববিদ্যালয়ের মন্জুরী কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।