০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘আ-আমজনতা পার্টি’ হয়ে গেল ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’

“নতুন রাজনৈতিক দল আ-আমজনতা পার্টি প্রতিষ্ঠার পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ এই একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতা দল।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 01:58 AM

Updated : 26 Aug 2026, 12:43 PM

‘বাংলাদেশ আ-আমজনতা পার্টি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. রফিকুল আমীন।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীন এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, “নতুন রাজনৈতিক দল আ-আমজনতা পার্টি প্রতিষ্ঠার পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ এই একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতা দল। সেই দলের নেতারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন।

“আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি। তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ নামকরণ করেছি।”

গত ১৭ এপ্রিল বনানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। রফিকুল আমীন দলটির আহ্বায়কের দায়িত্ব নেন। আর গণঅধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা ফাতিমা তাসনিম পান সদস্য সচিবের দায়িত্ব।

এর আগে গত ২৮ জানুয়ারি মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের একাংশের নাম বদলে ‘আমজনতার দল’ করা হয়। ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশের পর তারা ইসিতে গিয়ে নাম নিয়ে আপত্তি জানিয়ে আসে।

বুধবারের ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে রফিকুল আমীন নিজের নতুন রাজনৈতিক দল গঠন, ডেসনিটির সম্পদ, বিনিয়োগ, ১২ বছরের কারাজীবনসহ সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই।”

অন্যদের মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরনো খবর

ডেসটিনির রফিকুল আনলেন 'বাংলাদেশ আ-আম জনতা পার্টি

'আ-আম জনতা' নিয়ে 'আমজনতার' আপত্তি