১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হলে আগে সংবিধানে সেই বিধান নতুন করে যোগ করতে হবে।

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 03:20 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারে অধীনেই হবে বলে সরকারের তরফে প্রতিশ্রুতি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে কি না প্রশ্ন করলে তিনি বলেন, "সেটাই হবে ইনশাআল্লাহ, এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার।"

২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস হয়। এর মধ্য দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা বাতিল হয়ে যায়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এক রিট মামলার রায়ে পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করে হাই কোর্ট। তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়। 

হাই কোর্টের ওই রায় বৃহস্পতিবার আপিল বিভাগও বহাল রেখেছে। তবে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হলে আগে সংবিধানে সেই বিধান নতুন করে যোগ করতে হবে।   

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ‘বিএনপির আন্দোলনের ফসল’।

“রায়ে যেটা আছে, সেটা বিবেচনায় নিয়ে যেটা করলে ভালো হয়, সেটাই করব। এটার ব্যাপারে জনগণের মতামত নেওয়া হবে।"

“রায় পাওয়ার পরে সংবিধান সংশোধন কমিটি হবে, সেই আইনি প্রক্রিয়ায় যেভাবে আসে, সেভাবে রায়ের বাস্তবায়ন করা হবে।”

আইনমন্ত্রী বলেন, "সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে ইনশাল্লাহ। এটা আমাদের নির্বাচনী, রাজনৈতিক প্রতিশ্রুতি।"