Published : 19 Oct 2025, 11:35 PM
সিলেট বিভাগের দলীয় নেতা ও মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে বলার পাশাপাশি বিভেদ-বিতর্ক নিয়ে সতর্ক করা হয়েছে।
রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৈঠক হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে।
বৈঠকে বিএনপি মহাসচিব প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরেন।
বৈঠকের পর সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসচিব সিলেট বিভাগের নেতৃবৃন্দ ও মনোনয়নপ্রত্যাশীদের ডেকেছিলেন। তিনি সকলকে নির্বাচনি এলাকায় ধানের শীষের পক্ষে প্রচার চালাতে বলেছেন। এই কাজে কোনো প্রকার বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করলে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।”
মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা তাদের দিয়েছেন জানিয়ে কাইয়ুম চৌধুরী বলেন, “যাচাই-বাছাই করে একক প্রার্থী যাকে করা হবে তার পক্ষে সকলকে কাজ করতে হবে বলে মহাসচিব জানিয়ে দিয়েছেন।”
বৈঠকে কাইয়ুম চৌধুরী ছাড়াও আরিফুল হক চৌধুরী, তাহসিনা রুশদীর লুনা, এনামুল হক চৌধুরী, নাসের রহমান, এম এ মালেক, জিকে গউস, মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এই চারটি জেলায় মোট নির্বাচনি আসন ১৯টি।
এই আসনগুলোর প্রতিটিতে বিএনপিসহ অঙ্গসংগঠনের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৫ থেকে ৯ জন। গুলশানের কার্যালয়ে ৬০/৭০ জন প্রার্থীও উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, “মনোনয়নপ্রত্যাশীদের মহাসচিব ডেকে আমাদের নেতা তারেক রহমানের বার্তা জানিয়ে দিয়েছেন। বলেছেন, এবারের নির্বাচনে প্রার্থী হবেন একজন। সেটা আগেই চূড়ান্ত করে ঘোষণা করা হবে। ওই প্রার্থীর পক্ষে সকলকে কাজ করতে হবে। কোনো বিভেদ কিংবা বির্তক তৈরি করা যাবে না।
“ধানের শীষকে জিতাতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে। অল্প সময়ের মধ্যে এই একক প্রার্থী জানিয়ে দেওয়া হবে।”
মির্জা ফখরুল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গেও আলাদা আলদা বৈঠক করেছেন।
সিলেটের ১৯টি সংসদীয় আসনেই বিএনপির একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী হওয়ায় তৃণমূলে নিজেদের শক্তি জানান দিতে নানা ধরনের কর্মসূচি পালন করছেন তারা।
ফলে স্থানীয় পর্যায়ে দলের ভেতরে প্রকাশ্যে-অপ্রকাশ্যে দ্বন্দ্ব-বিভেদও তৈরি হয়েছে।
বিএনপি মহাসচিব এসব বিভেদ বন্ধ করে ধানের শীষের পক্ষে প্রচার করার নির্দেশনা দেন। দলীয় নির্দেশনা যারা মানবেন না, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলেও বৈঠকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এই বৈঠক উপলক্ষে সিলেটের নেতাদের পক্ষের কিছু কর্মী-সমর্থকও ভিড করে গুলশানের কার্যালয়ের বাইরে। তারা নিজ নিজ নেতাদের প্রার্থী হিসেবে দেখতে চেয়ে নানা স্লোগান দেন।