Published : 13 Aug 2026, 07:03 PM
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি সচিবালয়ে বৈঠক করেছে বলে জামায়াত জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদের করা সমালোচনার জবাবে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তার কাছে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় দলটির একটি প্রতিনিধি দল।
এসময় সাংবাদিকদের মুখোমুখি হন ক্ষমতাসীন দলের নেতারা।
তখন গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রী নেতাদের ডেকে রাষ্ট্রপতি মনোনয়নের সিদ্ধান্ত জানিয়েছেন, সেখানে কোনো বৈঠক হয়নি। তবে আলোচনা হয়েছে।
এর আগে সকালে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল তাদের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দেয়।
পরে জোটের সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “শুনতেছি বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন। …আমরা প্রতিবাদও করতে চাই। সচিবালয় হল একটা নির্বাহী জায়গা।
“এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতে রেকর্ড আমাদের জানা নাই।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আজকে কোনো মিটিং ছিল না। যেহেতু তিনি প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান, উনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন। সেখানে কোনো বৈঠক হয়নি।
“তারা কী বলছে তাদের উত্তর নিয়ে থাকুক, তাদের কথার সমালোচনা করতে চাই না।”
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন চেয়ারম্যান তারেক রহমান।
এটি স্থায়ী কমিটির বৈঠক নয় দাবি করে নির্বাচন ভবনে বিএনপির ভাইস-চেয়ারম্যান, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দল থেকে এবং এই দল তাকে মনোনীত করেছে। দলের মিটিং যেখানে হয়েছে—সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা আলোচনা করেছি।
“আলোচনা বাংলাদেশের যেকোনো জায়গায় হতে পারে। আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমাদের চেয়ারম্যান ঘোষণা করেছেন।”
আরও পড়ুন: