১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফখরুল কীভাবে জানলেন যুক্তরাষ্ট্র আগের অবস্থানে: কাদের

“ফখরুলের প্রশ্নের জবাব ডোনাল্ড লু’র বক্তব্যে পরিষ্কার। এখানে আর মন্তব্য করারও প্রয়োজন পড়ে না,” বলেন তিনি।

ফখরুল কীভাবে জানলেন যুক্তরাষ্ট্র আগের অবস্থানে: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:15 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র ‘আগের অবস্থানেই রয়েছে’ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে মন্তব্যের কোনো ‘প্রয়োজন দেখছেন না’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তার প্রশ্ন, “মির্জা ফখরুল কীভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো আগের জায়গায়। সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু’র বক্তব্য কি মির্জা ফখরুল সাহেব শোনেননি? ফখরুলের প্রশ্নের জবাব ডোনাল্ড লুর বক্তব্যে স্পষ্ট। এখানে আর মন্তব্য করারও প্রয়োজন পড়ে না।”

বৃহস্পতিবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অংশগ্রহণমূলক নির্বাচন করতে যুক্তরাষ্ট্রের চাপ ছিল। সেসময় রাজনৈতিক দলগুলোকে গ্রহণযোগ্য নির্বাচনে নিতে ‘ভিসা নীতি’ প্রয়োগের ঘোষণা দিয়েছিল দেশটি। এ নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়েও উত্তেজনা তৈরি হয়। তখন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

যুক্তরাষ্ট্র সেই ‘উত্তেজনা ভুলে’ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বলে নির্বাচনের পাঁচ মাস পর ঢাকা সফরে এসে বলেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছান তিনি।

বুধবার সচিবালয়ে লুর সঙ্গে বৈঠকের পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, “আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, অতীতের কোনো বিষয় নিয়ে কথা হয়নি।”

এ দিন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর লু বলেন, দুই দেশের মধ্যে যে ‘উত্তেজনা’ তৈরি হয়েছিল, তা ভুলে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র।

আর লু সফরের মধ্যেই বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে।

ফখরুল বলেন, “আবার ডোনাল্ড লু…আমি জানি না, আপনারা (গণমাধ্যম) তাদের কী অবস্থান ভেবেছিলেন। আমরা যেটা দেখেছি, প্রকৃতপক্ষে তারা (যুক্তরাষ্ট্র) একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনও অব্যাহত রেখেছেন।

“তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে সেই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেননি, তার চেয়ে অনেক বেশি লিখেছে। এটাতে প্রমাণিত হয় যে, তারা এতটুকুও খুশি না এই বর্তমান অবস্থার প্রেক্ষিতে।”

বিএনপি মহাসচিবের এ বক্তব্যের বিষয়ে তেজগাঁওয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

জবাবে ওবায়দুল কাদের বলেন, “এখান থেকেই (ডোনাল্ড লু’র বক্তব্য) প্রশ্নের উত্তর বের করুন। আমি নতুন কোনো উত্তর দিতে চাই না।

“যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা বলেছেন, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাজ্যের একজন সহকারী মন্ত্রী। তিনি যে কথা বলেছেন এরপরে মির্জা ফখরুলের যে বক্তব্য এর কোনো মূল্য নেই।”

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রকে 'আগের অবস্থানেইদেখছেন ফখরুল

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক: উত্তেজনা ভুলে সামনে তাকাতে চান লু

লু-সাবের বৈঠকঅতীত পেছনে রেখে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা

নাহিদা-নিগারদের সঙ্গে হাস-লুর ক্রিকেটময় বিকেল