Published : 05 Jan 2026, 04:54 PM
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
সরকারপ্রধানের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম সোমবার দুপুরের দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শোকবার্তাটি পৌঁছে দেন।
প্রধান উপদেষ্টা শোকবার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গত ৩০ ডিসেম্বর ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদের সামনে তার জানাজা হয়। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করে বাংলাদেশ। এছাড়া ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়।