১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেব্রুয়ারির ভোটে ‘কোথাও দ্বিমত’ দেখছে না বিএনপি

“সবার মধ্যে একটা স্বস্তি ফিরেছে এবং এ জায়গাটায় আমি কোনো অসুবিধা দেখছি না,” বলেন খসরু।

ফেব্রুয়ারির ভোটে ‘কোথাও দ্বিমত’ দেখছে না বিএনপি
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার ব্রিফিং করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 07:24 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের যে আভাস দিয়েছেন, তা নিয়ে ‘কোথাও দ্বিমত’ নেই বলে মনে করছে বিএনপি।

ঢাকায় মঙ্গলবার এক ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আমার মনে হয়, রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে; সবারই মতামত এটা। এ জায়গা নিয়ে দ্বিমত কোথাও আছে বলে আমরা মনে করি না।

“কারণ, বিভিন্ন কারণে আমরা এ জায়গায়টায় এসেছি এবং জাতি এখানে ঐক্যমত্য পোষণ করছে।”

শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন মুহাম্মদ ইউনূস। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আভাস দেন। 

ইউনূস ও তারেকের এই যৌথ বিবৃতি নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এমন প্রেক্ষাপটে আমীর খসরু বলছেন, ‘‘আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন, জাতি কিন্তু আনন্দিত এরকম একটি সিদ্ধান্ত আসার পর। সবার মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে এবং এ জায়গাটায় আমি কোনো অসুবিধা দেখছি না।

“আর নির্বাচনের দিনক্ষণ যেটা, সেটা তো আর সরকার বলতে পারবে না; আমরাও বলতে পারব না। সেটা নির্বাচন কমিশন থেকে আসবে। আমরা সেটার অপেক্ষা করব।”

যৌথ ঘোষণা নিয়ে জামায়াতের ‘আপত্তির’ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, “অন্য কোনো দলের মতামতের বিষয়ে আমি কিছু বলতে চাই না। সবার মতামত দেওয়ার অধিকার থাকতে হবে, কথা বলার অধিকার থাকতে হবে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ ব্রিফিং হয়। সেখানে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও ছিলেন।