Published : 12 Jan 2026, 09:24 PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত প্রধানের কার্যালয়ে এই সাক্ষাৎ হওয়ার কথা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চীনা দূতাসের ফেইসবুক পাতায়ও তাদের বৈঠকের ছবি প্রকাশ করা হয়েছে।
জামায়াত বলেছে, “বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও জামায়াত আমির দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে দুই পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে চীনের দূতাবাস বলেছে, “দুদেশের জনগণের আরও কল্যাণ বয়ে আনার স্বার্থে দলের সঙ্গে দলের বিনিময়, বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীর এবং চীন-বাংলাদেশের মধ্য সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্বকে আরও উন্নয়নের বিষয়ে একম হয়েছে উভয়পক্ষ।”
সাক্ষাৎকালে জামায়াত আমিরে সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান।
আর ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিংসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।