Published : 05 Nov 2025, 09:28 PM
শৃঙ্খলা ভাঙার অভিযোগে দলের দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসীর মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
বুধবার দলের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বলে এনসিপির এক বার্তায় বলা হয়েছে।
মুনতাসীর রেড ক্রিসেন্ট স্যোসাইটিতে চাকরি করার সময় সেখানকার চেয়ারম্যানের সঙ্গে বিরোধে জড়ান।
গেল ১২ অক্টোবর রেড ক্রিসেন্টের মগবাজারের প্রধান কার্যালয়ে কিছু ‘বহিরাগত’ লোকজন নানা অভিযোগে ‘মব’ তৈরির চেষ্টা চালান। সেখানে রেড ক্রিসেন্টের যুব বিভাগের উপ পরিচালক ও এনসিপি নেতা মুনতাসীর মাহমুদও ছিলেন বলে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেছিলেন।
সে দিন দুপুরের দিকে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগপ্রাপ্ত মুনতাসিরকে চাকরিচ্যুত করে নোটিস জারি করা হয়। এরপরই তাদের বিক্ষোভের মাত্রা বেড়ে যায়।
ওই ঘটনার জেরে সেদিন মুনতাসীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মুনতাসীরকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, লিখিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়।
এদিন এনসিপির ফেইসবুকে প্রকাশ করা বার্তায় বলা হয়েছে, “নোটিসের পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর আপনি লিখিত জবাব দিয়েছেন।
“ওই জবাব পর্যালোচনা করে আপনার প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং পূর্বোক্ত ঘটনায় শৃঙ্খলা কমিটির কার্যক্রম চলমান অবস্থায় আপনাকে সতর্ক করা সত্ত্বেও বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হল।”
এনসিপি থেকে অব্যাহতির এই নোটিস প্রকাশের পর ফোইসবুকে দেওয়া এক পোস্টে মুনতাসীর লিখেছেন, “আলহামদুলিল্লাহ। মুক্ত হলাম। যারা স্পষ্টত অন্যায়, দুর্নীতি এবং শাহবাগী বয়ানের পক্ষে দলীয় অবস্থান নিয়েছে, তাদের সাথে না থাকাই শ্রেয়।”