Published : 09 Aug 2025, 10:17 PM
‘মূল স্রোতের’ বাইরে গিয়ে যারা জাতীয় পার্টির ক্ষতি করতে চেয়েছেন, তাদের সবাই ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
এদিন জাতীয় পার্টিতে আরেক দফা ভাঙা-গড়ার ঘটনা ঘেটে। জিএম কাদেরের অংশকে বাদ রেখে রওশন এরশাদপন্থিদের নিয়ে আনিসুল ইসলাম মাহমুদ ও মো. মুজিবুল হক চুন্নুর আরেক অংশের ঐক্য হয়। সম্মেলনে নতুন কমিটিও গঠন করে তারা।
শনিবার সম্মেলন করে আনিসুল ইসলাম মাহমুদকে এ অংশের চেয়ারম্যান এবং এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচন করা হয়।
এ ঘটনার দিকে ইঙ্গিত করে আরেক অংশের মহাসচিব শামীম হায়দার বলেন, “ইতিহাস বলে, মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছেন, তারাই নিশ্চিহ্ন হয়েছেন।
“জাতীয় পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদেরের অনুসারীরা।”
তিনি বলেন, দেশে তীব্র রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। দেশ পরিচালনায় অভিজ্ঞ রাজনীতিকদের দূরে রাখা হচ্ছে। ফলে দেশ, রাষ্ট্র, সরকার, প্রশাসন দিন দিন দুর্বল হচ্ছে।
“দেশের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুদুর পরাহত মনে হচ্ছে। সব দলের সঙ্গে আলোচনা করে দেশ বাঁচাতে হবে। ঐক্যমত সৃষ্টি করতে হবে। নির্বাচনকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা ও সদিচ্ছা দেখাতে হবে।”
সভায় অন্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, ইকবাল হোসেন তাপস ও চেয়ারম্যানের উপদেষ্টা খলিললুর রহমান বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন জাতীয় তরুণ পার্টির সভাপতি জাকির হোসেন মৃধা। সভায় চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম মোস্তফা, লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন ডালু, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী, সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান, যুগ্ম সাংগঠনিক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, শেখ মো. সরোয়ার হোসেন, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মো. জুবায়ের আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ টুলু, মো. সামছুল হক, মো. ফারুক সুজন ও জাতীয় মটর শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুর রহিমও উপস্তিত ছিলেন।